কখনোই বলিনি চেলসিতে ‘অসুখী’ ছিলাম: তোরেস
চ্যাম্পিয়নস লিগ জয়ের দিনই জানিয়েছিলেন, চেলসিতে কঠিন সময় কেটেছে তাঁর। আশা হারিয়ে ফেলেছেন তিনি। তবে এক সপ্তাহ যেতে না যেতেই সুর পাল্টেছে ফার্নান্দো তোরেসের। স্প্যানিশ এই ফুটবলারের দাবি, চেলসিতে অসুখী থাকার কথা কখনোই বলেননি তিনি।‘চেলসিতে আমি সব সময়ই খুশি আছি। কখনো বলিনি, অসুখী ছিলাম। ক্লাবে এখনো অনেক কিছু করার আছে আমার’—যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে বলেছেন তোরেস।তোরেস স্বীকার না করলেও এটা ঠিক, চেলসিতে সময়টা মোটেও ভালো কাটেনি তাঁর। দলে অনিয়মিত ছিলেন। দলে জায়গা না পাওয়ার আক্ষেপ তাই লুকিয়ে রাখতে পারেননি তোরেস। বলেছেন, ‘বছরটি বেশ কঠিন কেটেছে। আমি খুব বেশি খেলিনি। কিন্তু আমার বিশ্বাস, আরও বেশি ম্যাচ খেলার যোগ্য ছিলাম আমি। খুব কষ্ট হয়েছে। আশা করছি, একই অভিজ্ঞতা আবারও হবে না। কখনো আত্মসমর্পণ করিনি আমি, ভবিষ্যতেও করব না।’ দলে সুযোগ না দেওয়ায় চেলসির ওপর চাপা ক্ষোভ থাকতেই পারে। কিন্তু নিজের বাজে খেলা নিয়ে কী বলবেন তোরেস? চেলসিতে ১৬ মাসের ক্যারিয়ারে গোল করতে পেরেছেন মাত্র ১২টি। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল পাওয়ার আগে মৌসুমে ২৪ ম্যাচ গোল খরায় কেটেছে তাঁর।অবশ্য তোরেসের সুদিন বুঝি এল। চেলসিকে বিদায় জানিয়ে দিয়েছেন মূল স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। আগামী মাসে মৌসুম শেষে বিদায় নেবেন তিনি। দ্রগবা না থাকায় এখন তোরেসই ‘প্রথম পছন্দ’ হতে পারে চেলসির।