কঠিন গ্রুপই ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দারুণ মিল আছে দুজনের মধ্যে। বিশ্বকাপের ফাইনালে দুই গোল করে দলকে জেতানোর অভিজ্ঞতা আছে তাঁদের। ১৯৭৮ সালে মারিও কেম্পেসের জোড়া গোলে আর্জেন্টিনা ৩-১-এ হারিয়েছিল হল্যান্ডকে। ২০ বছর পর জিনেদিন জিদানের জোড়া গোলে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। এএফপি। এমন অভিজ্ঞ দুজনের কথার তো একটা বাড়তি গুরুত্ব থাকবেই। সুতরাং তাঁরা যদি বলেন, কঠিন গ্রুপে থাকলে বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেড়ে যায় সেটা সহজে উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বকাপ জয়ের মন্ত্রটাও নিশ্চয়ই অন্যদের চেয়ে ভালো জানেন তাঁরা!
ড্রয়ে সব দলই চায় সহজ গ্রুপে থাকতে। কঠিন গ্রুপ হলেই আগে থেকে মৃত্যুকূপ বলে দেওয়া হয়, শুরু হয়ে যায় কে থাকবে আর কে বাদ যাবে সেই হিসাব-নিকাশ। কিন্তু কঠিন গ্রুপে থাকাটা একদিক দিয়ে ভালো বলেই মনে করেন জিদান, ‘শক্তিশালী দলগুলোর সঙ্গে থাকাটাই ভালো। কারণ বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জটা এত বড় যে শুরু থেকেই সেরাদের বিপক্ষে খেলাটা কাজে লাগে।’ এই ব্যাপারে জিদানের সঙ্গে পুরোপুরি একমত সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার কেম্পেসও, ‘যদি আপনি ভাবেন যে এই দলের চেয়ে ওই দল হয়তো কিছুটা সহজ হতো, তবে আমি বলব বিশ্বকাপ জয়ের জন্য খুব ভালো প্রস্তুতি হয়নি।’
জোড়া গোল নয় বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকের অভিজ্ঞতাই আছে জিওফ হার্স্টের। তবে ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন, এবার ইউরোপিয়ানদের চেয়ে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। শুধু তা-ই নয়, এবার ব্রাজিলকে হারিয়ে অন্য যেকোনো দলের জন্যই বিশ্বকাপ জয় কঠিন হবে বলে মনে করেন তিনি, ‘কেউ যদি বিশ্বকাপ জিততে চায়, আগে ব্রাজিলকে হারাতে হবে।’