টেবিলের ওপর রাখা ড্রয়ের পাত্র থেকে একটি একটি করে দলের নাম তোলা হচ্ছে, বেড়ে যাচ্ছে ক্লাব কর্তাদের কৌতূহল। এবারের স্বাধীনতা কাপ ফুটবলে ‘মৃত্যুকূপ’ হতে যাচ্ছে কোন গ্রুপ? ‘বি’ গ্রুপে সবার আগে উঠল আবাহনীর নাম। এরপর শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন। সবশেষে স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। এটিকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’।বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। আর ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তাদের পরই শেখ রাসেল। লিগে প্রথম পর্বে এই রাসেলের কাছেই ১-০ গোলে হেরেছে আবাহনী, দ্বিতীয় পর্বে করেছে ড্র (১-১)। এই গ্রুপের লড়াইটাই তাই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। ‘এ’ গ্রুপে মোহামেডানের সঙ্গী শেখ জামাল ধানমন্ডি, ফেনী সকার। চতুর্থ দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠবে প্রাথমিক পর্বের নৌবাহিনী-অগ্রণী ব্যাংকের মধ্যকার জয়ী দলটি। তিনটি গ্রুপের মধ্যে অপেক্ষাকৃত সহজ গ্রুপটি ‘সি’ যেখানে মুক্তিযোদ্ধার সঙ্গী বিজেএমসি, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী।তিন গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে সেরা রানার্সআপকে নিয়ে হবে সেমিফাইনাল। ১৭ মার্চ শুরু হবে চূড়ান্ত পর্ব। সেমিফাইনাল ৩০ মার্চ ও ফাইনাল ১ এপ্রিল হওয়ার কথা। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও হরতালের কারণে ম্যাচের সময়সূচি বদলাতে পারে বলে কাল সংবাদ সম্মেলনে আভাস দিলেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। প্রয়োজনে বিকেলে ও রাতের পাশাপাশি সকালেও খেলা চালানো হতে পারে। টুর্নামেন্টের সব ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচ কয়টায় শুরু হবে সেটিও ঠিক হয়নি। তবে সেমিফাইনাল ও ফাইনাল হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা বাছাই করা কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (প্রোগ্রাম) নওয়াজিশ আলী খানসহ অন্যরা।কারা কোন গ্রুপে‘এ’মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, ফেনী সকার, নৌবাহিনী/অগ্রণী ব্যাংক।‘বি’আবাহনী, শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জ।‘সি’মুক্তিযোদ্ধা, বিজেএমসি, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী।