এশিয়া কাপ হকিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আট জাতির টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আটবারের অলিম্পিক সোনাজয়ী ভারত, তিনবারের সোনাজয়ী পাকিস্তান ও জাপান। ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান।
ঢাকায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১২ অক্টোবর। কিন্তু এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনুরোধে এক দিন এগিয়ে আনা হয়েছে টুর্নামেন্ট। গত ২৮ জুলাই সূচি চূড়ান্ত করেছে এএইচএফ। এরপর গতকাল এএইচএফ বাংলাদেশ হকি ফেডারেশনকে চূড়ান্ত সূচির মেইল পাঠিয়েছে। এএইচএফের পাঠানো সূচি অনুসারে ১১ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। খেলা শুরু বিকেল সাড়ে পাঁচটায়। ১৩ অক্টোবর সাড়ে পাঁচটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। ফাইনাল ২২ অক্টোবর।
টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আগামীকাল চীন যাচ্ছে বাংলাদেশ। সেখানে বিভিন্ন প্রাদেশিক দলের সঙ্গে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমিরা।