কঠিন পরীক্ষার সামনে ইন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন নিয়ে আজ গেলসেনকারচেনে উড়ে যাচ্ছে লিওনার্দোর দল। প্রথম লেগ ম্যাচে নিজেদের মাঠে ৫-২ গোলের হার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদা রেখে সেমিফাইনালে উঠতে হলে আজ ইন্টার মিলানকে জিততে হবে অন্তত ৪ গোলের ব্যবধানে। এই কাজটি আবার ইন্টারকে করতে হবে প্রতিপক্ষ শালকে জিরো ফোরের মাঠে গিয়ে। শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবও।ইন্টারের ব্রাজিলিয়ান কোচ অবশ্য আশাবাদী, সেমিফাইনালের দরজা তাঁদের জন্য একেবারেই বন্ধ হয়ে যায়নি।ইন্টারের মতোই কঠিন সমীকরণের সামনে টটেনহাম হটস্পার। শেষ চারে জায়গা নিতে আজ তাদের জিততে হবে ৫ গোলের ব্যবধানে। ম্যাচটা নিজেদের মাঠে, এই সুবিধাটা স্পারসদের দুশ্চিন্তামুক্ত করতে পারছে না, প্রতিপক্ষ দলটির নামটি যে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে বার্নাব্যুতে ৪-০ গোলে জিতে এক পা প্রায় সেমিফাইনালে দিয়েই রেখেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়নরা। হোসে মরিনহোর দল তাই অনেকটা নির্ভার হয়েই নামতে পারছে হোয়াইট হার্ট লেনে।রিয়ালের ম্যাচে একটা বাড়তি কৌতূহল থাকেই। তবে ইন্টারের কারণে আজ অবশ্যই আগ্রহটা বেশি থাকবে গেলসেনকারচেনে। অন্তত ৪ গোলের জয় দরকার বলে ইন্টার আক্রমণ ভাগ ধারালো করেই ঝাঁপিয়ে পড়বে, এটা অনুমেয়ই। লিওনার্দো আজ মাঠে নামাচ্ছেন চোটের কারণে এত দিন বাইরে থাকা ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল ও ডাচ তারকা ওয়েসলি স্নাইডারকে। তবে যত যা-ই হোক, আজ স্যামুয়েল ইতোই হবেন লিওনার্দোর মূল অস্ত্র। সাবেক ব্রাজিলিয়ান বলছেন, ‘ভেতরে ভেতরে আমি অন্তত বিশ্বাস করি, সবকিছুই সম্ভব। খেলোয়াড়েরাও এটা বিশ্বাস করে। অন্যদের তুলনায় ইতো এ ক্ষেত্রে এগিয়ে। সে এটা একটু বেশিই বিশ্বাস করে।’লিওনার্দোর চাওয়াটাই সব নয়। প্রতিপক্ষ শালকের ভাবনাটাও যোগ হওয়ায় সেটি কঠিন হয়ে যাচ্ছে। নতুন কোচ রাফ র্যাগনিকের অধীনে তিনটি ম্যাচ খেলে তিনটিই জিতেছে শালকে। এই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলছে জার্মানির দলটি। ইন্টারের মাঠ সান সিরোতে ৫-২ গোলে জয়ের পর এখন স্বপ্ন দেখছে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার। অনেকটা এগিয়েও আছে দলটি। তবে পা মাটিতেই রাখছে শালকে। সান সিরোতে চ্যাম্পিয়নস লিগে ৭০তম গোল করা রাউল যেমন বলছেন, ‘আমাদের পা মাটিতেই রাখতে হবে এবং ইন্টারকে সম্মান করতে হবে।’রিয়াল কোচ মরিনহোও সতর্ক, ‘সাদা চোখে হয়তো মনে হচ্ছে আমরা পরবর্তী রাউন্ডে চলে গেছি। কিন্তু আমাদের আরও একটি ম্যাচ খেলতে হবে।’ মরিনহোর মতো আরেকটি ম্যাচের অপেক্ষায় স্পারস কোচ হ্যারি রেডন্যাপ, ‘কোনো কিছুই অসম্ভব নয়। কে জানে, কী ঘটবে।’ হ্যাঁ, মাঠে কী ঘটবে, বলা যায় না। ইউরোপের ফুটবলে আরেকটি স্মরণীয় রাতই কি অপেক্ষা করছে? এএফপি।