কঠিন পরীক্ষায় তিন দল

নিয়তির পরিহাস!
৯ পয়েন্ট নিয়ে একটা দল সপ্তাহ দুয়েক আগেই নকআউট পর্বের টিকিট পেয়ে বসে আছে, অন্যদিকে ১২ পয়েন্ট নিয়েও আরেকটি দলকে অপেক্ষা করতে হচ্ছে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ পর্যন্ত। আলাদা গ্রুপে থাকা এই দুটি দলই লন্ডনের—চেলসি ও আর্সেনাল।
আর্সেনাল তবু কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে শেষ ম্যাচে খুব বড় পরীক্ষা দিতে হবে না। নেপলসে আজ নাপোলির সঙ্গে নিদেনপক্ষে ড্র করলেই পরের রাউন্ডে জায়গা নিশ্চিত। সমস্যা নেই দুই গোলের ব্যবধানে হারলেও!
এই বিলাসিতার সুযোগ পাচ্ছে না আগের পাঁচ ম্যাচ থেকে ৯ পয়েন্ট করে পাওয়া নাপোলি আর বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে আজ নাপোলিকে অন্তত তিন গোলের পরিষ্কার ব্যবধানে জিততে হবে আর্সেনালের বিপক্ষে। অবশ্য ড্র করেও আশা থাকবে, যদি ওদিকে মার্শেই হারিয়ে দেয় ডর্টমুন্ডকে। এখনো পয়েন্টহীন মার্শেইয়ের জন্য সেই কাজটা দুরূহ বলেই মনে হচ্ছে। ইয়ুর্গেন ক্লপের দল জিতলে অন্য কোনো ম্যাচের ফলের অপেক্ষা না করেই জায়গা পাবে ফেব্রুয়ারিতে শুরু শেষ ষোলোর লড়াইয়ে। কিন্তু ড্র বা হেরে গেলে তাদের আর্সেনাল-নাপোলি ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে। ‘এফ’ গ্রুপের দুটি ম্যাচ তাই আজ ইউরোপের তিন বড় দলের জন্যই কঠিন পরীক্ষা। জিতেও বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে বলে পরীক্ষায় বসার আগেই অস্বস্তি নাপোলি স্ট্রাইকার গনজালো হিগুয়েইনের কণ্ঠে, ‘আমি কখনো দেখিনি ১২ পয়েন্ট নিয়ে কোনো দল এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে। এটা একটা বিশ্রী পরিস্থিতি। যাই হোক, আমরা শুধু জয়ের দিকেই মনোযোগী হতে পারি। জিতেও যদি বাদ পড়ে যাই তাহলে আর কিছু করার নেই।’
একই রাতে সান সিরোতে এমন কঠিন লড়াইয়ে নামছে ইউরোপের দুই সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান ও আয়াক্স। নিজের মাঠে আয়াক্সের কাছ থেকে এক পয়েন্ট রেখে দিতে পারলেই পরের রাউন্ডে উঠে যাবে মিলান। অন্যদিকে জয় ছাড়া কোনো বিকল্প নেই ডাচ ক্লাবটির। এই কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানো ফ্রাঙ্ক ডি বোরের দলের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা গত রাউন্ডেই উড়তে থাকা বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও জমজমাট লড়াইয়ের আভাস। ইউরোপীয় আসরে এ পর্যন্ত ১১ বারের সাক্ষাতে চারটি করে জয় দুই দলেরই, ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। সান সিরোতেও চারবারের লড়াইয়ে দুটি করে জয়ে সমতা। আজ কোন দলের মুখে থাকবে হাসি?
নকআউট নিশ্চিত হয়ে গেছে আগেই। ন্যু ক্যাম্পে সেল্টিকের সঙ্গে আজকের ম্যাচটা তাই বার্সেলোনার জন্য নিয়ম রক্ষার। তবে স্কটিশ ক্লাবের সঙ্গে ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা নিশ্চিত হবে জেরার্ডো মার্টিনোর দলের। গত মাসে মিলানের কাছে ৩-০ গোলের হার নিশ্চিত করে দিয়েছিল বড় দিনের পর দর্শক হয়েই চ্যাম্পিয়নস লিগ দেখবে সেল্টিক। তবে ন্যু ক্যাম্পে গ্রুপের শেষ ম্যাচ থেকে খালি হাতে ফিরতে চান না সেল্টিক স্ট্রাইকার তিমু পাক্কি, ‘আমরা এই ম্যাচে দেখাতে চাই যে আমরাও চ্যাম্পিয়নস লিগে ম্যাচ জিততে পারি।’ এএফপি।
আজ মুখোমুখি
চেলসি : বুখারেস্ট
শালকে : বাসেল
মার্শেই : ডর্টমুন্ড
নাপোলি : আর্সেনাল
অ্যাটলেটিকো : পোর্তো
অস্ট্রিয়া ভিয়েনা : জেনিত
মিলান : আয়াক্স
বার্সেলোনা : সেল্টিক
*স্বাগতিক দল প্রথমে