কঠিন পরীক্ষায় রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আবার ‘এল ক্লাসিকো’। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক এল ক্লাসিকোগুলো যত না খেলার কারণে, তার চেয়েও বেশি উত্তেজনা ছড়িয়েছে অন্য কারণে। এবার যেমন আলোচনা-সমালোচনার ঝড় বইছে গত বুধবার প্রথম লেগের ম্যাচে পেপের মেসির হাত মাড়িয়ে দেওয়া নিয়ে।আজকের ম্যাচের নাটকীয় প্রেক্ষাপটে যোগ হয়েছে আরও একটি ঘটনা। বুধবারের ম্যাচের পরই নাকি খেলোয়াড়দের বিদ্রোহের মুখোমুখি হতে হয় কোচ হোসে মরিনহোকে। রিয়াল শিবির নাকি দুই ভাগে বিভক্ত! যে ঘটনার জের ধরে গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচে মরিনহোকে বার্নাব্যুতে প্রথমবারের মতো শুনতে হয়েছে সমর্থকদের দুয়ো-বিদ্রূপ।ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মরিনহো ওই বিষয় নিয়ে কথা বলতে রাজি না হলেও ঘুরেফিরেই আসছে প্রসঙ্গটি। তবে কোচ মরিনহোর সঙ্গে যাঁর বাদানুবাদ দিয়ে তথাকথিত বিদ্রোহের শুরু, সেই সার্জিও রামোস উড়িয়েই দিয়েছেন দলে বিভক্তির বিষয়টি। টুইটারে লিখেছেন, ‘যাঁরা ড্রেসিংরুমে বিভক্তি কিংবা ঐক্য ভাঙার কথা বলছেন, তাঁরা মিথ্যা বলছেন। যেসব কথাবার্তা হচ্ছে তা ঠিক নয়, দল ঐক্যবদ্ধই আছে।’ ঐক্যবদ্ধ থাকাটা জরুরিই রিয়ালের জন্য। প্রথম লেগে নিজেদের মাঠে হেরেছে ২-১ গোলে। কোপা ডেল রের সেমিফাইনালে যেতে হলে আজ তাই বড় ব্যবধানেই জিততে হবে। সেটি কীভাবে, এই উত্তর খুঁজতে মরিনহোর গলদঘর্ম হয়ে যাওয়ার কথা। সাম্প্রতিক সময়ে বার্সেলোনা রিয়ালের সামনে দেখা দিচ্ছে রীতিমতো ধাঁধা হয়ে। সর্বশেষ ১৩টি ‘এল ক্লাসিকোর’ নয়টিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল জিতেছে মাত্র একটিতে, গতবার এই কোপা ডেল রেরই ফাইনালে। তার ওপর আজকের ম্যাচটি ন্যু ক্যাম্পে, বার্সেলোনার সমর্থকদের সামনে।প্রতিপক্ষের মাঠ, পিছিয়ে থাকা—এত সব প্রতিকূলতা জয় করতে পারবে রিয়াল? উত্তর যা-ই হোক, ম্যাচটি ফুটবলীয় কারণেই জমার কথা। বার্সেলোনার বিপক্ষে অতিরক্ষণাত্মক কৌশলের কারণে সমালোচিত মরিনহোকে যে আজ বাধ্য হয়েই আক্রমণাত্মক কৌশল বেছে নিতে হবে।বার্সেলোনাও জানে, প্রতিদ্বন্দ্বীরা আজ মরণকামড়ই দিতে চাইবে। এগিয়ে থেকেও পেপ গার্দিওলার দল তাই নামছে সতর্ক হয়েই। এই ম্যাচের কথা মাথায় রেখেই রোববার লিগ ম্যাচে বড় এক ঝুঁকি নিয়েছিলেন বার্সা কোচ। বেঞ্চে বসিয়ে রেখেছিলেন পুয়োল, জাভি ও ফ্যাব্রিগাসের মতো তিন তারকা ফুটবলারকে। বাইরের ওইসব ঝড়ঝঞ্ঝা রিয়ালকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে কিনা, হচ্ছে সেই আলোচনাও। বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা সেই ‘ফাঁদে’ পা দিতেও রাজি নন, ‘লিগে তারা শীর্ষে। এখনো তাদের কোপার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। চ্যাম্পিয়নস লিগেরও পরের রাউন্ডে উঠেছে। কাজেই বাইরে থেকে তাদের দলে সমস্যা আছে কি না, বলাটা খুব কঠিন।’ ওয়েবসাইট।