কঠিন পরীক্ষায় সহজ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ পুরো লেটার নম্বরই পেয়েছে। বার্সেলোনা লেটার পায়নি। তবে তারাও পাস করেছে প্রথম বিভাগে। পরশু দুই দলের সামনেই ছিল কঠিন পরীক্ষা। ওসাসুনা দারুণ ফর্মে। তা ছাড়া গত তিন মৌসুমে ওসাসুনার মাঠে জয় পায়নি রিয়াল। কিন্তু পরিসংখ্যান-তথ্য-পূর্বাভাসকে বোকা বানিয়ে ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দিল রিয়াল। এবারের লিগে গোলের সেঞ্চুরিও করে ফেলল হোসে মরিনহোর দল। জোড়া গোল করে এক মৌসুমে ৪০ গোল করা নিজের রেকর্ডটি ভেঙে দেওয়ার পথে এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিগে তাঁর গোল এখন ৩৭টি।নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। ব্যবধান বেশি নয়, একটি গোল আবার লিওনেল মেসির করা পেনাল্টি থেকে। মনে হতে পারে, বার্সার পরীক্ষা অন্তত সহজ হয়নি। তা নয় মোটেও। শুধু এই পরিসংখ্যানের দিকে তাকান: বিলবাওয়ের গোলমুখে বার্সা শট নিয়েছে ১৪টি (সব মিলে গোলের প্রচেষ্টা ২০)। অন্যদিকে বার্সার গোলমুখে একটাই শট নিতে পেরেছে বিলবাও। সেটিও ম্যাচের শেষ দিকে। ভাগ্যকে পাশে পেলে গোল আরও বাড়ত। থিয়াগো আলকানতারার একটি গোল বাতিল হয়েছে অফসাইডের খাঁড়ায়। গোলমুখ থেকে হেড করে একটা গোল বাঁচিয়েছে বিলবাও। সেইডু কেইটার শট লেগেছে ক্রসবারে। আঙুলের ছোঁয়ায় দুটো প্রায় নিশ্চিত গোল হতে দেননি বিলবাও গোলরক্ষক। অবশ্য পেনাল্টি পাওয়ার ক্ষেত্রে আবার ভাগ্য ঠিকই পাশে ছিল বার্সার। প্রথম গোলটি নিয়ে অবশ্য কোনো সংশয় নেই। আছে ইনিয়েস্তার দুর্দান্ত ফিনিশিং! ফলে স্থিতাবস্থা বজায় থাকল। রিয়াল-বার্সার ব্যবধান সেই ছয় পয়েন্টেরই। স্প্যানিশ লিগে বাকি আছে আর আটটি ম্যাচ। এ নিয়ে টানা তিন মৌসুমে গোলের সেঞ্চুরি করল রিয়াল। আগের দুবার অবশ্য সেই সেঞ্চুরি কাজে আসেনি। তবে এবার আর খালি হাতে ফিরতে চায় না হোসে মরিনহোর দল। যেভাবে ছুটছে, এবার হয়তো পয়েন্টেরও সেঞ্চুরি করে ফেলবে রিয়াল মাদ্রিদ। আর তাদের এই সাফল্যের মূলে আছে কয়েকজন খেলোয়াড়ের উজ্জ্বল পারফরম্যান্স। ভরসার কেন্দ্রে রোনালদো থাকলেও বৃত্তের আশপাশে আছেন আরও অনেকে। লিগের এবারের সেরা পাঁচ গোলদাতার তিনজনই রিয়ালের। অন্যদিকে মেসির (৩৬ গোল) পর বার্সার পক্ষে সর্বোচ্চ গোলদাতা জাভি (১০টি)। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করলে বার্সা সেটি করবে অ্যাওয়ে ম্যাচে ১৬ পয়েন্ট হারানোর কারণেই। এবার প্রতিপক্ষের মাঠে বার্সার এই ব্যর্থতার পেছনেও আছেন মেসি। বার্সা পয়েন্ট হারিয়েছে এমন সাতটি ম্যাচে মেসির গোল মাত্র একটি!শুরু থেকেই ওসাসুনাকে কোণঠাসা করে রেখেছিল রিয়াল। ১০ মিনিটের মধ্যেই তাদের কোচের ডাগআউট থেকে বহিষ্কৃত হওয়া তো আছেই, ৭ মিনিটে রোনালদোর লম্বা ক্রস থেকে বেনজেমার দুর্দান্ত ভলি যেন মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের। রোনালদোরও দুই গোলের একটি দূরপাল্লার ঈষৎ বাঁকানো শট থেকে। বাকি দুই গোল গঞ্জালো হিগুয়েইনের। মেসিও যেন রোনালদোর দারুণ গোলটির জবাব দিতে চেয়েছিলেন। প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিক বাঁক খেয়ে গোলে ঢুকেই যাচ্ছিল প্রায়। গোলরক্ষক বাঘের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আঙুলের ছোঁয়ায় বাঁচিয়েছেন। রোনালদো-মেসি দ্বৈরথটাতেও তাই এই বেলা এক গোল নিয়ে এগিয়ে থাকলেন পর্তুগিজ উইঙ্গার।রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম লিগ শিরোপা জয়ের সুবাসও নিশ্চয়ই পাচ্ছেন রোনালদো! এএফপি, রয়টার্স।