কিছুদিন আগেও যে অ্যান্ড্রু স্ট্রাউসের অধিনায়কত্বের বন্দনায় মুখর ছিল চারপাশ, সেই স্ট্রাউসকে নিয়েই এখন অনেক প্রশ্ন। টানা চারটি টেস্ট হেরেছে দল। নিজের ব্যাটেও রান নেই। আজ কলম্বোর পি সারাভারামুত্তু স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টে হারলে তো বটেই, ড্র করলেও সিরিজের পাশাপাশি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটাও খোয়াবে ইংল্যান্ড। কাল টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে তাই নিজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হলো স্ট্রাউসকে। ২৩ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই। সময়কালটা যদি আরও বাড়িয়ে দেওয়া যায়, তাহলে গত ৪৮ ইনিংসে একটি মাত্র সেঞ্চুরির দেখা মেলে। প্রচণ্ড চাপে থাকা অধিনায়ক অবশ্য নির্ভার থাকার একটা ভাব করলেন সংবাদ সম্মেলনে। তবে যেভাবে প্রশ্নবাণ ছুটে এল, তাতে কাজটা কঠিনই হলো। ম্যাচের চেয়ে নিজের অধিনায়কত্ব ও ব্যাটিং-ব্যর্থতা নিয়েই বেশি প্রশ্ন হলো। সামলাতে হলো এমন সব প্রশ্ন, যেগুলো কয়েক মাস আগেও হয়তো তাঁর কল্পনাতীত ছিল। তবে এমন যে হবে, স্ট্রাউসের তা জানাই ছিল। হোমওয়ার্কও বোধহয় করে গিয়েছিলেন। যে কারণে ভালোমতোই সামলালেন সব ‘বাউন্সার’। নিজের ফর্ম নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। উল্টো বলেছেন, ‘অভিজ্ঞতার সুবিধা হচ্ছে, শেষ অবলম্বন হিসেবে কোনো কিছুকে আঁকড়ে ধরা যায়। ব্যাটিংটা মহাকাশবিজ্ঞান নয়। মাঝেমধ্যে আমরা সবকিছুকে জটিল করে ফেলি। সবচেয়ে ভালো হয় সবকিছুকে সহজভাবে নিলে।’সরাসরিই প্রশ্ন হয়েছিল, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কোনো চিন্তাভাবনা তাঁর আছে কি না। উত্তরে বলেছেন, ‘অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তাই আমার মনে ঠাঁই পায়নি। এ বিষয়গুলো যাতে লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে, সেটা নিশ্চিত করাটাই গুরুত্বপূর্ণ।’কলম্বো টেস্ট জিতেই খারাপ সময় পেছনে ফেলতে চান স্ট্রাউস, ‘আমার এই টেস্টটা মরিয়া হয়েই জিততে চাচ্ছি। চাচ্ছি গলে যা হয়েছে, তার ক্ষতিপূরণ করতে। আমি নিশ্চিত, আমাদের এটা করার সামর্থ্য আছে। আর আগামী পাঁচ দিনে আমরা এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’গল টেস্টে জয় ও ১৮০ রানের ইনিংসে নির্ভার শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সংবাদ সম্মেলনটা হলো পুরো বিপরীত। সব প্রশ্নের উত্তর দিলেন মজা করে। ইংরেজি ও সিংহলিজ—দুই ভাষাতেই হলো প্রশ্নোত্তর পর্ব। জয়াবর্ধনে জানিয়ে দিলেন এই টেস্টের একাদশও—চোটে পড়া চানাকা ভেলেগেদারা ও দিনেশ চান্ডিমালের বদলে দলে আসছেন ধাম্মিকা প্রসাদ ও অ্যাঞ্জেলো ম্যাথুস। এটাও জানিয়ে দিলেন, শ্রীলঙ্কা জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না, ‘আমরা ২-০ এর জন্যই খেলব। কারণ পজিটিভ থাকলেই আমরা সেরা ক্রিকেট খেলে থাকি।’ অ্যান্ড্রু স্ট্রাউসের পরীক্ষাটা তার মানে আরও কঠিনই হচ্ছে! এএফপি, রয়টার্স।