কঠিন লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া
চ্যাম্পিয়নস ট্রফির আজকের ম্যাচটা জিতলেই সেমিফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে শুধু জয়টাই যথেষ্ট না অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৫৪ রানের লক্ষ্যটা পেরোতে হবে ২৯.১ ওভারের মধ্যে। কঠিন সেই কাজটা করতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে অসিরা। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করেছে জর্জ বেইলির দল।দ্রুত রান সংগ্রহের তাড়নায় শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। রানের চাকাটা দ্রুত ঘুরাতে পারলেও প্রথম ১০ ওভারের মধ্যে চারটি উইকেট হারাতে হয়েছে অসিদের। একে একে সাজঘরে ফিরেছেন শেন ওয়াটসন (৫), ফিলিপ হিউজ (১৩), গ্লেন ম্যাক্সওয়েল (৩২) ও অধিনায়ক বেইলি (৪)।এর আগে বাঁচা-মরার এই লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্রুতই দুইটি উইকেট তুলে নিয়ে এই সিদ্ধান্তের যথার্থতাও বেশ ভালোমতোই প্রমাণ করেছিলেন অসি বোলাররা। প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন কুশাল পেরেরা ও কুমার সাঙ্গাকারা। তবে তৃতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা ভালোভাবেই সামলে নিতে সক্ষম হন লাহিরু থিরিমানে ও তিলকারত্নে দিলশান। এসময় রানের গতি অনেকখানি কমে গেলেও দলকে শক্ত ভিত্তি গড়ে দেন এই দুই লঙ্কান ব্যাটসম্যান। ২৩তম ওভারে দিলশান ফিরে যাওয়ার পর শক্ত হাতে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তাঁর ৮১ বলে ৮৪ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন জয়াবর্ধনে। থিরিমানের ব্যাট থেকে এসেছে ৫৪ রান।