কঠিন লড়াইয়ের ইঙ্গিত আলনসোর
ইউরো কাপের প্রথম ম্যাচে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল স্পেন। আজ এবারের আসরের প্রথম জয়টি পাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে গতবারের শিরোপাজয়ীরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটা মোটেই সহজ হবে না বলে মনে করছেন জাবি আলনসো। আইরিশরা পুরো ম্যাচেই লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।আজকের ম্যাচ সম্পর্কে আলনসো বলেছেন, ‘আয়ারল্যান্ড খেলা শুরুর প্রথম মিনিট থেকে শুরু করে শেষ মিনিট পর্যন্ত একসঙ্গে লড়াই চালিয়ে যায়। আজকের ম্যাচটা খুবই কঠিনই হতে যাচ্ছে। তারা আমাদের খেলার ধরনটা জানে। আমাদেরকে খুব ধৈর্য ধরে খেলতে হবে। চেষ্টা করতে হবে, শুরুতেই একটা গোল দেওয়ার। তাহলে পরে কাজটা সহজ হয়ে যাবে।’ইতালির বিপক্ষে প্রথম ম্যাচে ছয়জন মিডফিল্ডার ও কোনো স্ট্রাইকার না নিয়ে মাঠে নামার জন্য কিছুটা সমালোচনার শিকার হয়েছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। তবে কোচের ওপর পূর্ণ আস্থা আছে জানিয়ে আলনসো বলেছেন, ‘আমরা এ ধরনের কৌশল অনেকবারই ব্যবহার করেছি। এবারই প্রথম না। গত ম্যাচে ফেব্রিগাস চমত্কার খেলেছে। একটা দুর্দান্ত গোলও করেছে।’