কঠিন শর্তে পিস্টোরিয়াসের জামিন
খুনটা যে তিনিই করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। খুনটা ইচ্ছাকৃত নয়, আদালতে এটা প্রমাণিত হলেই শুধু বাঁচতে পারেন। সেই প্রশ্নের মীমাংসা হতে এখনো অনেক বাকি। তবে আপাতত জামিন পেলেন অস্কার পিস্টোরিয়াস। কাল প্রিটোরিয়ার আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পা-বিহীন আলোচিত দৌড়বিদকে। পিস্টোরিয়াস জামিন পাওয়ার পর আদালত চত্বরেই তাঁর পরিবার উল্লাস করেছে। সংবাদ সম্মেলনেও পরে প্রকাশ করেছে তাদের সন্তুষ্টি। পিস্টোরিয়াসের চাচা আরনল্ড পিস্টোরিয়াসের আশা, রিভা স্টিনক্যাম্পের হত্যার দায় থেকেও মুক্তি পাবেন ‘ব্লেড রানার’।সরকারি আইনজীবী জামিনের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করলেও আদালত শেষ পর্যন্ত তা আমলে নেননি। বিচারক ডেসমন্ড নায়ার বলেছেন, পিস্টোরিয়াস পালিয়ে আত্মগোপন করতে পারেন, এটা বাদীপক্ষের আইনজীবী প্রমাণ করতে পারেননি। তা ছাড়া পিস্টোরিয়াস জামিন পেলে ধ্বংসাত্মক কোনো কাজ করতে পারেন, সেটাও মনে হয়নি। পিস্টোরিয়াস অবশ্য এখনই দেশ ছাড়তে পারছেন না। তাঁর পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে। সপ্তাহে দুই দিন স্থানীয় থানায় হাজিরাও দিতে হবে। পিস্টোরিয়াসকে জমা দিতে হচ্ছে তাঁর সব অস্ত্রও। এই মামলার কোনো সাক্ষীর সঙ্গেও কোনো রকম যোগাযোগ তিনি করতে পারবেন না। প্রিটোরিয়ার বাইরে যেতে হলে পুলিশকে জানাতে হবে, সে ক্ষেত্রে এমন একটি ফোন নম্বর দিতে হবে, যেখানে ২৪ ঘণ্টা তাঁকে পাওয়া যাবে।অন্য শর্তগুলোর মধ্যে আছে, এর মধ্যে যেন তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আর না আসে। তিনি এর মধ্যে কোনো বিমানবন্দরে প্রবেশাধিকার পাবেন না। অ্যালকোহল এবং নেশাজাতীয় কিছু গ্রহণ করতে পারবেন না। তিনি নিজের বাড়িতেও থাকতে পারবেন না। তাঁর নিজের বাড়ির কোনো বাসিন্দার সঙ্গে যোগাযোগও করতে পারবেন না। কেবল তাঁর জামিনদার স্ট্যানডার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।এ ছাড়া জামানত হিসেবে ১০ লাখ র্যন্ড (৮৯ লাখ টাকা) দিতে হচ্ছে তাঁকে। প্রথমে আড়াই লাখ র্যন্ড ধার্য করা হয়েছিল। এটি পিস্টোরিয়াসের মতো ধনী ক্রীড়া তারকার জন্য নিতান্তই সামান্য কি না, এমন একটা বিতর্ক হওয়ার পর আদালত জামানতের পরিমাণ বাড়িয়েছেন। খুনের পরও পিস্টোরিয়াসের জামিনে তাঁর তারকাখ্যাতি কোনো প্রভাব ফেলেছে কি না, এ নিয়েও হচ্ছে বিতর্ক। ওয়েবসাইট।