কঠিন হয়ে গেছে আম্পায়ারিং!

আম্পায়ারদের কোনো একটা ভুল দেখলেই ক্রিকেটপ্রেমীরা তেলেবেগুনে জ্বলে ওঠেন। সমালোচনায় জর্জরিত করে ফেলেন আম্পায়ারদের। কিন্তু ক্রিকেট মাঠে তাঁদের যে কতটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, সেটা হয়তো অনেকেই অনুধাবন করেন না। টেলিভিশনের সামনে বসে, বারবার রিপ্লে দেখে অনেক কিছুই স্পষ্ট বোঝা যায়। কিন্তু ক্রিকেট মাঠে আম্পায়ারদের সিদ্ধান্তটা তো নিতে হয় তাত্ক্ষণিকভাবে। কাজটা যে মোটেই সহজ নয়, সেটা অনুমান করতে কষ্ট হয় না। আর সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যবহার আম্পায়ারদের কাজটা আরও কঠিন করে তুলেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার সিমন টাফেল। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে বিতর্কটা চলছে অনেক দিন ধরেই। সম্প্রতি অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের পর আবারও আলোচনায় এসেছিল প্রযুক্তিভিত্তিক এ প্রক্রিয়াটি। ক্রিকেটাররা কথা বলেছেন ডিআরএসের যথার্থতা নিয়ে, এটা ব্যবহারের কৌশল নিয়ে। কিন্তু আম্পায়ারদের কাজটাও যে কতটা কঠিন হয়ে গেছে, সেটাই সবার নজরে এনেছেন আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সাবেক সদস্য টাফেল। তিনি বলেছেন, ‘২২ বছর আগে আমি যখন আম্পায়ারিং শুরু করেছিলাম, তার থেকে এখন কাজটা অনেক কঠিন হয়ে গেছে। কারণ এখন দর্শকদের কাছে অনেক প্রমাণ থাকে, যেটা আমরা তাত্ক্ষণিকভাবে মাঠে দেখতে পাই না। সবাই বিশাল বড় টিভি স্ক্রিনে খেলা দেখেন আর আম্পায়ারদের প্রতিটি সিদ্ধান্ত যাচাই-বাছাই করেন। তাঁদের পারফরম্যান্স নিয়ে সার্বিক মূল্যায়নও করা হয়। ক্যামেরার চোখে ধরা পড়ে না এমন প্রায় কিছুই এখন ক্রিকেট মাঠে নেই। সম্প্রচার মাধ্যমগুলোর এই চরিত্রটা আম্পায়ারদের ওপর অনেক চাপ তৈরি করে।’
তাই বলে ক্রিকেটে প্রযুক্তি প্রয়োগের বিরোধিতাও করছেন না টাফেল। তাঁর মতে, এটা আম্পায়ারদের কিছুটা স্বস্তিও দেয়, ‘আমি যদি খেলার শুরুতেই একটা ভুল করি তাহলে সারা দিনই সেটা আমার মনের মধ্যে থাকবে। সেই খচখচানি নিয়েই আমাকে সারা দিন কাজ করে যেতে হবে। সাজঘরে গিয়ে সেই ভাবনা ভুলে আবার নতুনভাবে মাঠে আসারও কোনো ব্যবস্থা নেই। এখনকার প্রযুক্তি ব্যবস্থার একটা বড় সুবিধা হচ্ছে আম্পায়ারদের ত্রুটিপূর্ণ কোনো সিদ্ধান্ত পাল্টানোর সুযোগ পাওয়া যায়, যেটা মাঠে খুব বড় প্রভাব রাখে। আধুনিক ক্রীড়াজগতের বেশির ভাগ খেলার ক্ষেত্রেই আম্পায়ারদের কোনো ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে।’
তবে প্রযুক্তির এই যুগে এখন মাঠের আম্পায়ারদের ভূমিকাটাও একটু অন্যরকম হতে পারে বলে মত দিয়েছেন টাফেল, ‘আম্পায়াররা এখন মাঠে কিছুটা পুলিশের ভূমিকা পালন করতে পারেন। খেলোয়াড়ের ব্যবহার, বল টেম্পারিং, ওভার রেট, আবহাওয়া ও আলো, কম সময়ে খেলা শেষ করা ইত্যাদি বিষয়েও তাঁরা ভূমিকা রাখতে পারেন।’— পিটিআই