কঠিনকে জয় করার প্রত্যয়

চোখেমুখে অতলান্ত বিষাদ। মাশরাফি বিন মুর্তজার কথায়ও সেই হতাশারই অনুরণন। আজই অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, তার আগে কিনা হঠাৎ ঝড়ে এলোমেলো বাংলাদেশ শিবির! আরাফাত সানি-তাসকিন আহমেদকে হারানোর ধাক্কা দলকে ভালোই নাড়িয়ে দিয়েছে। সময়ের এই টালমাটাল মঞ্চে দাঁড়িয়েই কাল বেঙ্গালুরুর সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন ভালো কিছু করার প্রত্যয়।
সন্দেহজনক অ্যাকশনের অভিযোগ আসার পরেই মাশরাফি বলেছিলেন তাসকিনকে নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী। সেই তাসকিনই অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলে মাশরাফির বিস্মিত না হয়ে উপায় কী! তারপরও তাসকিনের ওপর নিজের আস্থার কথাই আবার জানালেন কাল। সঙ্গে বিসিবিকে যেন একটা বার্তাও দিতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা বিশ্বাস করি তাসকিনের বোলিং অ্যাকশন ঠিক আছে। আমাদের ভাবনাটা বিসিবিকে জানাতে পারি, বিসিবি যেভাবেই হোক আইসিসির সঙ্গে এটা নিয়ে আলোচনা করবে। আইসিসি সব সময় তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করে। এ মুহূর্তে শুধু এটুকুই আশা করছি, তাসকিন ন্যায্য বিচার পাবে।’
মাশরাফির কথাতেই বোঝা গেল, তাসকিনের অ্যাকশন বিতর্কে দলের আত্মবিশ্বাস একটু টাল খেয়েছে। সেই ধাক্কা কাটিয়ে মাঠে নামাটাই আজ চ্যালেঞ্জ দলের জন্য, ‘ঘরের দুজন ছেলের যদি সমস্যা হয়, আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। আমাদের কাছে জিনিসটা এখন ওই রকম। যতটুকু উজ্জীবিত অবস্থায় আগের ম্যাচে মাঠে নেমেছিলাম, এবারও সেভাবেই নামব।’ বর্তমান পরিস্থিতিতে এমনকি অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচের মাইলফলকও গুরুত্ব পাচ্ছে না মাশরাফির কাছে, ‘জীবনে অনেক কিছুই দেখেছি। আমার সব ভাবনা বাংলাদেশের অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে নিয়ে, যে আগামী ১০ বছর বাংলাদেশের দায়িত্ব কাঁধে নেবে।’
এই কয়দিন বাংলাদেশ দল যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, তাসকিন-সানির অনুপস্থিতিতে শেষ মুহূর্তে সেটাতেও পরিবর্তন আনতে হচ্ছে। সেই আক্ষেপ লুকাতে পারলেন না অধিনায়ক, ‘এই উইকেটে আপনি অবশ্যই চেষ্টা করবেন ফর্মে থাকা ক্রিকেটারদের নিয়ে খেলতে। এখানে যে দুজন ভালো মানিয়ে নিতে পেরেছে তারা দুজনই নেই। গত কয়েকটা ম্যাচেই তাসকিন আমাদের ভালো শুরু এনে দিয়েছে। এখন অনেক কিছুই নতুন করে ভাবতে হচ্ছে।’ আজ মুস্তাফিজুর রহমানকে খেলানোর সিদ্ধান্ত তার একটি। ‘মুস্তাফিজ যদি ২০ ভাগও ফিট থাকে, তাহলেও ও খেলবে। আমাদের সামনে এখন অন্য কোনো বিকল্প নেই’—বলেছেন মাশরাফি।
সানি-তাসকিনের বিকল্প সাকলাইন সজীব ও শুভাগত হোম পরশু রাতে তড়িঘড়ি করেই উড়ে গেছেন বেঙ্গালুরু। কলকাতা বিমানবন্দরে রাত কাটিয়ে বেঙ্গালুরু পৌঁছেছেন কাল ভোরে। তাঁদের ওপর এখনই চাপ দিতে চাচ্ছেন না মাশরাফি, ‘দুজন খেলোয়াড়কে আমরা দুই দিন আগে পেলেও হয়তো আরেকটু গুছিয়ে নিতে পারতাম। তাদের এখনই চাপ দিতে চাচ্ছি না। আমি চাই তারা মাঠে নেমে খেলাটা উপভোগ করুক।’
বেঙ্গালুরুতে আজ সে কাজটা অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই সবার জন্য কঠিন করে তুলবে। কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর স্মিথদের এ ম্যাচে একটু বেশিই তেতে থাকার কথা। সেটা আছে মাশরাফির মাথায়ও, ‘আমাদের গ্রুপটা অনেক বেশি কঠিন। অস্ট্রেলিয়াও শক্তিশালী একটা দল। কাজটা এমনিতেই কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে গেছে। তবে অবশ্যই প্রথম চাওয়া থাকবে আমরা যেন ম্যাচটা জিততে পারি।’
তার আগে আরও একটা চাওয়া আছে বাংলাদেশ অধিনায়কের—সংকটের সময়টাতে পাশে চান সবাইকে, ‘এর চেয়ে কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশের মানুষ আমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরাও চেষ্টা করব, মাঠে আমাদের পারফরম্যান্স যেন ভালো হয়। তবে কাজটা অবশ্যই কঠিন।’