খেলাধুলাকে বৃহত্তর কল্যাণেই ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে মানুষের জীবন-মানের উন্নয়নে। এই বিশ্বাসটাই মনের মধ্যে লালন করেন মুত্তিয়া মুরালিধরন। আর তাঁর এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে দরকার ভালো মানুষের। তাই স্পিন কিংবদন্তি মনে করেন খারাপ মানুষগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ক্রীড়াজগৎ থেকে। স্পট ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিতে জড়িতদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। কাল সিঙ্গাপুরে বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বললেন মুরালিধরন। ফাউন্ডেশন অব গুডনেস নামের একটি চ্যারিটি সংগঠনের তহবিল সংগ্রহের জন্য এখন সতীর্থ কুমার সাঙ্গাকারাকে নিয়ে সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক।মাত্রই বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছয় আম্পায়ারকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আইসিসি। তাঁদের তিনজনই শ্রীলঙ্কান। ভারতীয় টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টিভির ফাঁদে পা দেওয়া ওই ছয় আম্পায়ার অর্থের বিনিময়ে স্পট ফিক্সিং করতে রাজি হয়েছিলেন। যদিও পরে নাদির শাহ ও নাদিম ঘৌরি অস্বীকার করেছেন অভিযোগ।৪০ বছর বয়সী মুরালিধরন মনে করেন খেলাটার স্বার্থেই দোষীদের চরম শাস্তি হওয়া উচিত, ‘যাঁরা এ ধরনের কাজে জড়িত তাঁদের অবশ্যই আজীবন নিষিদ্ধ হওয়া উচিত। কোনো পর্যায়েই তাঁদের উপস্থিতি কাম্য নয়।’সর্বশেষ ঘটনায় আইসিসির নেওয়া পদক্ষেপকেও সমর্থন করেছেন মুরালিধরন, ‘আমি মনে করি, আইসিসি ঠিক কাজই করছে। দোষী প্রমাণিত হলে তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে।’ রয়টার্স।