কঠোর ব্রাজিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা আতঙ্কিত করে তুলেছিল ব্রাজিলের সাধারণ মানুষকে। উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল বিশ্বকাপ নিয়ে। তবে সবাইকে স্বস্তি দিতেই যেন শক্ত অবস্থান নিয়েছে ব্রাজিলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ মাসের শুরুর দিকে ফুটবল মাঠে ঘটে যাওয়া সহিংসতার জন্য গত পরশু ২৮ জনকে আটক করেছে ব্রাজিল পুলিশ।
৮ ডিসেম্বর ব্রাজিলের শীর্ষ লিগের দুই ক্লাব অ্যাটলেটিকো পারানায়েনসে ও ভাস্কো ডা গামা ম্যাচে সমর্থকদের দাঙ্গায় খেলা বন্ধ হয়েছিল ঘণ্টা খানেক। সহিংসতায় গুরুতর আহত হয়েছিলেন চারজন। ওই ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট ও ক্রীড়ামন্ত্রী। তবে ফুটবল মাঠে এমন সহিংসতা রোধে শেষ পর্যন্ত মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ। গতকাল ব্রাজিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে। ব্রাজিলের আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর করে সাজা হতে পারে। এএফপি।
গত ২৫ বছরে শুধু ফুটবল সহিংসতায় ব্রাজিলে প্রায় আড়াই শ লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।