
কত দিন আগে ঘরোয়া ফুটবলে শেষ হ্যাটট্রিক পেয়েছেন, মনে করতে গিয়ে ভাবনায় পড়ে গেলেন। মিঠুন চৌধুরী বললেন, চতুর্থ বাংলাদেশ লিগে মুক্তিযোদ্ধার জার্সিতে। তথ্যটা ঠিকই আছে। তবে তার আগে নিজের প্রথম হ্যাটট্রিকের কথা মনে করতে পারলেন না ঠিকভাবে। তাঁর ভাষায়, ‘তৃতীয় লিগে নয়, ওটা দ্বিতীয় লিগে।’
ছয়টি পেশাদার লিগে মাত্র দুটি হ্যাটট্রিক। কাল সপ্তম পেশাদার লিগের উদ্বোধনী ম্যাচেই পেলেন তৃতীয়টি। মিঠুনের জন্য স্মরণীয় দিনে তাঁর দল গতবারের ট্রেবলজয়ী শেখ রাসেলের সামনে ৪-০ গোলে উড়ে গেল নবাগত উত্তর বারিধারা।
শেখ রাসেলের কোচ এবার তাঁর খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী নিজের চেনা ছকটা পাল্টে ফেলেছেন। গতবার মূলত খেলেছেন ৪-২-৩-১ ছকে। জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফেরও প্রিয় এই ছকটা পাল্টে মারুফুল হক কাল চলে গেলেন ৩-৩-১-৩-এ। তিন স্ট্রাইকার সবুজ, রিকার্ডো, শাকিলের নিচে ব্যবহার করলেন মিঠুনকে। স্ট্রাইকারদের পাহারায় রাখতে গিয়ে মিঠুনকে ঠিকভাবে নজরে রাখতে পারেনি বারিধারার রক্ষণ। সেই সুযোগেই তাঁর তিন গোল, যা এল ৩৪. ৪৫, ৬৩ মিনিটে। মাঝে ৫০ মিনিটে দলের তৃতীয় গোল করেছেন জ্যামাইকান স্ট্রাইকার রিকার্ডো।
চার গোলের জয়, প্রতিপক্ষ দুর্বল হওয়ায় এই জয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই শেখ রাসেলের। আসল পরীক্ষাটা বড় দলের সঙ্গেই। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ম্যাচ ধরে ধরেই আরও ভালো খেলার আশাবাদ রাখলেন রাসেলের কোচ মারুফুল।
সেই যাত্রায় এবার ৩-৩-১-৩ ছকটাই অনুসরণ করার পক্ষে তিনি। বাংলাদেশের ফুটবলে এটা নতুন পদ্ধতিই বলা চলে।
মাঝমাঠ প্রাধান্য নিয়ে গোলের জন্য তাড়াহুড়া করেনি রাসেল। ছোট ছোট পাস, হঠাৎ দ্রুত আক্রমণ। রাসেলের খেলার অন্যতম বৈশিষ্ট্য উইং প্লেটা সেভাবে দেখা গেল না। এবার দলে ভালো হেডার নেই বলে বক্সে ক্রস কমই তুলেছে রাসেল। মূলত মাঝখান দিয়েই আক্রমণ
তৈরি হয়েছে, দেয়াল গড়ে গড়ে বল বক্সে নিয়েছেন খেলোয়াড়েরা।
বল পজেশন এবং মাঝমাঠে বল নিয়ন্ত্রণে রাখা মানে প্রতিপক্ষ বলের পেছনে ছুটলে ফাঁকা জমিন বেরোবেই। কালকের ম্যাচে ঠিক তাই হলো। ফাঁকা জমি বের হওয়ায় মাঠে তৎপর মিঠুন গোল পেলেন অনেকটা সহজেই।
একজন স্ট্রাইকারকে ঝুঁকিও নিতে হয়। মিঠুন কাল সেটি করেছেন। তাঁর দ্বিতীয় গোলটা তো দেখার মতো। প্রতিপক্ষের অফসাইড ফাঁদ এড়িয়ে একক প্রচেষ্টায় দারুণভাবে বক্সে ঢুকে প্লেসিং। প্রথম এবং তৃতীয় গোলটিতেও মিঠুন বুদ্ধির ছাপ রেখেছেন। এই দুটি গোলও গোলরক্ষকের অবস্থান দেখে প্লেসিং করেছেন ঠান্ডা মাথায়। রিকার্ডোর গোলটি জটলা থেকে পাওয়া সুযোগসন্ধানী গোল।
উত্তর রারিধারা এবারের ফেডারেশন কাপে শেখ রাসেলের কাছে হেরেছিল ১-০ গোলে। কিন্তু দলটির সেই লড়াকু মানসিকতা কাল খুঁজে পাওয়া গেল না। মাত্র চার দিনের অনুশীলন। খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি স্পষ্ট। গতিতেই তারা মার খেয়েছে রাসেলের কাছে। বারিধারার কোচ মোহাম্মদ আলমগীরও সেটিই বলছিলেন ম্যাচের পর।
মিঠুনের ম্যাচে মন খারাপ করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ল বারিধারা।