কত দিন পর সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে চার বছর পর ওয়ানডে সেঞ্চুরি। উমর আকমলের এই উচ্ছল হাসির আরও বড় মাহাত্ম্য হলো এই সেঞ্চুরিই দলকে টেনে তুলেছে বিপর্যয় থেকে। কাল ফতুল্লায় ।  শামসুল হক
সাড়ে চার বছর পর ওয়ানডে সেঞ্চুরি। উমর আকমলের এই উচ্ছল হাসির আরও বড় মাহাত্ম্য হলো এই সেঞ্চুরিই দলকে টেনে তুলেছে বিপর্যয় থেকে। কাল ফতুল্লায় । শামসুল হক

সেঞ্চুরির পর তাঁর শূন্যে লাফ, হাত-পা ছুড়ে নাচ দেখে মনে হতে পারে বুঝি রেকর্ড গড়া কোনো ইনিংস খেলেছেন। অথবা অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন দলকে। আসলে তেমন কিছুই না। একটা সেঞ্চুরি করেছেন উমর আকমল। সেঞ্চুরি তো এবারের এশিয়া কাপের প্রতি ম্যাচেই হচ্ছে। তিন ম্যাচে আকমলেরটাসহ চারটি হয়ে গেছে। তাহলে? পাকিস্তানি উইকেটকিপার যখন উদ্যাপন করছেন তখন দলও জেতেনি। টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে কেবল। তবু এমন বাঁধভাঙা উচ্ছ্বাস!
কারণটা তাঁরাই বুঝবেন, আগাগোড়া ম্যাচের সাক্ষী যাঁরা। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচে ব্যাট করতে নামার সময়ও নড়বড়ে ছিল দলের অবস্থা। সেখান থেকে মিসবাহ-উল-হকের সঙ্গে ১২১ রানের জুটি, ব্যক্তিগত ৭৪ রানের দারুণ ইনিংসের পরও হারতে দেখেছিলেন দলকে। কাল ফতুল্লায় আফগানিস্তানের বিপক্ষে যখন ব্যাট করতে নামছেন, দলের অবস্থা আরও খারাপ।
যাদের হাতে ধরিয়ে ক্রিকেট শেখানো হয়েছে, সেই ছোট ভাইদের বিপক্ষেই ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে তখন পাকিস্তান। আগের ম্যাচে তবু মিসবাহ ছিলেন, এদিন তিনিও নেই। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই তার সামনে নাই হয়ে গেলেন সোহেব মাকসুদ ও শহীদ আফ্রিদিও। ৪ উইকেটে ৮৯ থেকে ৬ উইকেটে ১১৭। লোয়ার অর্ডারকে নিয়ে আকমলের লড়াইয়ের শুরু সেখান থেকেই।
সপ্তম উইকেটে আনোয়ার আলীর সঙ্গে ৬০ রানের জুটি, অষ্টম উইকেটে উমর গুলের সঙ্গে ৪০ রানের। নিজের ২৮ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন, সামিউল্লাহ শেনোয়ারি সেটা ধরতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকম হতো। কিন্তু দিনটা যে উমর আকমলের ছিল! আর ভুল করেননি পাকিস্তানি উইকেটকিপার। ৪৪তম ওভারে দওলত জাদরানের বলে ১ রান নিয়ে হাফ সেঞ্চুরি পুরো করেছিলেন। একই বোলারকে ইনিংসের শেষ ওভারে লং অনে ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন রাজকীয় ঢঙে। ৬০ বলে ফিফটি করার পরই ব্যাটে ঝড় আকমলের। পরের ফিফটিটা করে সেঞ্চুরি ছুঁতে আর মাত্র ২৮ বল লেগেছে তাঁর।
ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি। প্রথম ওয়ানডে সেঞ্চুরি এসেছিল তৃতীয় ম্যাচেই। বছর পাঁচেক আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর সময়টাতে তাই উমর আকমলের মধ্যে সম্ভাবনাময় এক মিডল অর্ডার ব্যাটসম্যানকে দেখছিল পাকিস্তান। কিন্তু বাজে ফর্ম আর বিতর্ক একসময় দল থেকে ছিটকে দেয় তাঁকে। পরে ফিরলেও শুরুর সেই আকমলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কালকের আগ পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারে সম্বল ওই একটাই সেঞ্চুরি, এশিয়া কাপের আগে সর্বশেষ ১৪টি ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই। মানসিকভাবে যাতে ভেঙে না পড়েন সে জন্য কোচ হয়ে আসার পর মঈন খান নাকি ডেকে নিয়ে বলেছিলেন, লম্বা সময় ধরে ব্যাট করার সব যোগ্যতাই আছে তোমার, হতাশ হয়ো না।
নতুন কোচের আস্থার প্রতিদান দিতে যে আকমল প্রস্তুত, সেই আভাস পাওয়া গিয়েছিল প্রথম ম্যাচেই। কাল ফতুল্লায় তাঁর ব্যাটিং দেখে নিশ্চয়ই গর্বিত মঈন খানও। টপ অর্ডারে ধসের পরও পাকিস্তান যে আফগানিস্তানকে ২৪৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে সেটা তো আকমলের ওই সেঞ্চুরির কারণেই।
আর এমন সেঞ্চুরির পর বাঁধনহারা উদ্যাপন তো হতেই পারে!