কত দূর যাবেন পোগবা?

একটা কাজ এরই মধ্যে করে ফেলেছেন পল পোগবা। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির পাশে নিজের নামটাও লিখে নিয়েছেন তিনি। কিন্তু একই তালিকায় জিওভান্নি, বিসমার্ক, পাওলো সিয়াস, কাইও এই নামগুলোও আছে। ভাবছেন পরের নামগুলো কার? ম্যারাডোনা-মেসির মতো তাঁরাও একসময় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছিলেন। পার্থক্য একটাই, ম্যারাডোনা-মেসিরা শুধু যুব বিশ্বকাপের সেরা হয়েই থেমে থাকেননি। এখন তাঁদের নাম উচ্চারিত হয় সর্বকালের অন্যতম দুই সেরা হিসেবে। জিওভান্নি, বিসমার্ক, সিয়াস, কাইওরা পরে অনেক চেষ্টা করেও আর খুব বেশি কিছু করতে পারেননি। পরশু রাতে একই স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানো পল পোগবাও। ভবিষ্যতে কোন পথে হাঁটবেন তিনি সেটাও এখন তাঁকেই ঠিক করতে হবে। চাইলেও অবশ্য সবাই ম্যারাডোনা-মেসি হতে পারেন না। হাভিয়ের স্যাভিওলা যেমন পারেননি। ২০০১ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর তাঁকে নিয়ে প্রত্যাশা কম ছিল না। এর বছর দুয়েক আগেই আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন। নতুন ম্যারাডোনা হয়ে তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপার আক্ষেপ ঘোচাবেন—এমন আশাও ছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে খেলা সাবেক এই আর্জেন্টাইন তারকার ক্লাব ক্যারিয়ার মন্দ নয়, কিন্তু ম্যারাডোনা-মেসিদের মতো এতটা জ্বলজ্বল করেননি কখনোই। জাতীয় দলের হয়েও আহামরি কিছু করতে পারেননি। একই কথা বলা যায় ২০০৭ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা ফুটবলার ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর বেলায়ও। তাঁর সুযোগটা অবশ্য শেষ হয়ে যায়নি। তবে একটা ব্যাপার তাঁদের সবার বেলায় সত্যি, যুবদলের হয়ে নজরকাড়া এই আর্জেন্টাইন ফুটবলাররা পরিণত হয়েও অনেক দিন জাতীয় দল ও ক্লাবের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে ছিলেন। যেটা পারেননি জিওভান্নি, বিসমার্ক, সিয়াস, কাইওর মতো ব্রাজিলিয়ানরা। বিভিন্ন সময়ে অনূর্ধ্ব-২০ কাপের সেরা এই ব্রাজিলিয়ান ফুটবলারদের পরে আর ঠিক খুঁজেই পাওয়া যায়নি। না জাতীয় দলে, না ক্লাবে।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা ফুটবলার হয়ে সবচেয়ে বেশি চমকে দিয়েছিলেন সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের ইসমাইল মাতার। ২০০৩ আসরে চ্যাম্পিয়ন হলো নিলমারের ব্রাজিল। কিন্তু বিস্ময়করভাবে সেই টুর্নামেন্টে সেরা ফুটবলার হলেন মাতার! যদিও ওই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল আরব আমিরাত। ওই টুর্নামেন্টের আগে কিংবা পরে কখনোই আর মাতার নাম শোনা যায়নি।
পরে বিশ্বসেরাদের কাতারে উঠতে পারেননি, কিন্তু মাঠে আলো ছড়িয়েছেন এমন কয়েকজনও আছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা ফুটবলারের তালিকায়। এঁদের মধ্যে সবচেয়ে পরিচিত নামটা সম্ভবত মালির মিডফিল্ডার সেইডু কেইটার। তবে বার্সেলোনার সুবর্ণ সময়ে ক্লাবের হয়ে খেলতে না পারলে তিনি নিজেকে কতটা চেনাতে পারতেন, সেই প্রশ্নও উঠবে একই সঙ্গে।
পরবর্তী পর্যায়ে ব্যর্থ হলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা ফুটবলারের তালিকায় সবচেয়ে বেশি কিন্তু ব্রাজিলিয়ানদের নাম। এখন পর্যন্ত ৬ জন ব্রাজিলিয়ান জিতেছেন এ পুরস্কার। চারবার জিতে ব্রাজিলের পরের অবস্থানটা আর্জেন্টিনার। উরুগুয়েকে হারিয়ে শিরোপা জেতা ফ্রান্সের হয়ে প্রথমবারের মতো এ কীর্তি গড়লেন পল পোগবা। ২০০১ সালে খুব কাছাকাছি গিয়েও ব্রোঞ্জ বল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল আরেক ফরাসি ফুটবলার জিব্রিল সিসেকে। পরে দেশের হয়ে ২০০২ বিশ্বকাপ খেলেও ফিরেছেন ব্যর্থ হাতে।
যুবদলে সিসে যেটা পারেননি, সেটা তো পোগবা এরই মধ্যে করে ফেলেছেন। এখন সুযোগ জাতীয় দলের সিসেকেও ছাড়িয়ে যাওয়ার। ওয়েবসাইট।