জোহানেসবার্গফ্রান্সের দুঃখ ভাগাভাগি করে নিতেই কি প্রথম রাউন্ডেই বিদায় নিল ইতালি? এক ফাইনালিস্ট আগে চলে গেছে, তাকে কদিন পর অনুসরণ করবে আরেক ফাইনালিস্ট। এভাবে হিসাব আসলে মেলানো যায় না। মিডিয়া সেন্টারে পাশাপাশি বসা ফেদেরিকোকে কথাটা বলতেই তাঁর মুখটা বিষণ্ন হয়ে গেল। ইতালির ফ্রিল্যান্স সাংবাদিকের মুখে ভাষা ফুটল খানিক পরে, ‘হ্যাঁ, এটাই হয়তো ছিল নিয়তি। আর এটি ডেকে এনেছেন মার্সেলো লিপ্পি। এত শ্রদ্ধাভাজন কোচ। কিন্তু জানো, কেউ ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠতে পারে না!’যা বাবা! এর মধ্যে আবার ক্ষুদ্রতা-নীচতার প্রসঙ্গ আসছে কী করে? ‘লিপ্পি আন্তোনিও কাসানোকে দলে নিলেন না। কারণ তাঁর সঙ্গে ও একবার কথা কাটাকাটি করেছিল। কিন্তু রাখলেন কাকে কাকে? গাত্তুসো, জামব্রোত্তাকে। রাজনীতির জন্য ওদের যে দরকার’—বলে যান ফেদেরিকো। কথা হয়তো আরও কিছুক্ষণ চলতে পারত। কিন্তু ইচ্ছে করেই ক্ষান্ত দিলাম। হূদয় খুঁড়ে কে আর বেদনা জাগাতে চায়! সত্যি, এলিস পার্কের ২৪ জুন ২০১০-এর সন্ধ্যাটা ইতালিয়ান ফুটবলের ইতিহাসে বড় এক দুঃখের সন্ধ্যা হিসেবে নাম লিখিয়ে রাখল।এই বিশ্বকাপে অনেক কিছুই প্রথম ঘটছে। এই প্রথম বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারল না দক্ষিণ আফ্রিকা। আগের বারের দুই ফাইনালিস্টের বিদায়ও প্রথম দেখল বিশ্বকাপের প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে এত নাটকীয়তাও আগে কখনো হয়নি। এতগুলো অনামী দলের দ্বিতীয় রাউন্ডে ওঠাও এই প্রথম। এই প্রথম লাতিন আমেরিকার সবগুলো দল নকআউট পর্বে। এই প্রথম নিজেদের মহাদেশের বাইরে এশিয়ার দুটি দল পৌঁছাল শেষ ষোলোতে। বাঁকে বাঁকেই যেন লুকিয়ে ছিল বিশ্বকাপের রং কেড়ে নেওয়া কোনো মায়াবী ঘাতক।হ্যাঁ, ফ্রান্স-ইতালির বিদায়ে বিশ্বকাপের আকর্ষণ একটু ফিকে তো হয়েছেই। তবে এও তো সত্যি, সারা বিশ্বের ফুটবল-তৃষিত মানুষ যে চমকের আশায় দিন গোনে, যে ক্লিশে গৎবাঁধা প্রতিদ্বন্দ্বিতার বাইরে নতুনত্বের স্বাদ পেতে চায়, তার অনেকটাই পেয়েছে!আরও কিছু নতুনত্ব এই বিশ্বকাপ তাঁর বুকের গভীরে লুকিয়ে রেখেছে কি না কে জানে! সোনার জুতো কোন খেলোয়াড় পায়ে দেবেন, এটা দেখতে এখন প্রচণ্ড আগ্রহ। মেসি, রুনি, রোনালদো, কাকা, ফ্যাবিয়ানোরা আছেন। কিন্তু বনের মধ্যে লুকিয়ে থাকা কয়েকটি অনাঘ্রাত ফুল যেন হঠাৎ করেই সুবাস ছড়াচ্ছে। কে কবে তেমন করে নাম শুনেছিল স্লোভাকিয়ার রবার্ট ভিতেকের? স্লোভাকিয়ার সবচেয়ে বিখ্যাত খেলোয়াড় হলেন মারেক হামসিক, ইতালির নাপোলিতে এবার মাঠ আলো করেছেন। কিন্তু পরশু ইতালি তো বধ হলো ভিতেকের হাতে (পড়ুন পায়ে)! তুরস্কের গ্যালাতাসারে, ফেনেরবাচের নাম আপনার হয়তো জানা। বাজি ধরে বলতে পারি আঙ্কারাগুচু ক্লাবের নামও আপনি বিশেষ শোনেননি। এই অখ্যাত ক্লাবের ২৮ বছর বয়সী স্ট্রাইকার এখন পর্যন্ত তিন গোল করে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে! এক রোনালদো ২০০২ বিশ্বকাপে ৮ গোল করে ব্যতিক্রম হয়ে রয়েছেন। তা না হলে তো সোনার বুটের জন্য সেই ১৯৮৬ সাল থেকেই ৫-৬ গোলই বড় পুঁজি হয়ে যাচ্ছে। যে রণকৌশলে এবং যতটা নিবেদিত হয়ে খেলছে স্লোভাক দল, তাতে দ্বিতীয় রাউন্ডে হল্যান্ডের জন্যও তাদের হুমকি বলে মনে করছেন অনেকে। সঙ্গে যদি ভিতেক আরও গোটা তিনেক গোল করে বসেন, কে জানে, সোনার জুতা তাঁর অধিকারেই যায় কি না।তবে গোল না করেও সারা দক্ষিণ আফ্রিকায় মেসি আছেন সবার মুখে আর অন্তরে। সোনার জুতার সঙ্গে সোনার বলটাও এবার একসঙ্গে পেয়ে ইতিহাস গড়বেন মেসি—মতটা এমনই। দ্বিতীয় রাউন্ড থেকেই মেসি নাকি গোল পেতে শুরু করবেন। জাবুলানির চরিত্র তাঁর বোঝা হয়ে গেছে, সব গোলরক্ষক ও রক্ষণভাগকে দেখে নেওয়া সারা। এবার জাল থেকে বল কুড়িয়ে আনার প্রতীক্ষা আর্জেন্টিনার সব প্রতিপক্ষের!শেষ ষোলোয় দলগুলোর বিন্যাস একটু এলোমেলো হয়ে থাকতে পারে। মানে অনেকের প্রত্যাশার সমান্তরাল হয়তো হয়নি। তাতে কি এসে যায়! বিশ্বকাপ একটু নতুন উত্তেজনা বয়ে আনুক না।