কথা গিলেই ফেললেন বাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডে পৌঁছেও একটু কড়া সুরে কথা বলছিলেন ইজাজ বাট। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে বৈঠক শেষে সব সুরই নরম হয়ে গেল। ইংলিশ খেলোয়াড়দের দাবিমতো প্রকাশ্যে ক্ষমা চাননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বাট। কিন্তু ইসিবি ও পিসিবির দেওয়া এক যৌথ বিবৃতিতে ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে করা ম্যাচ পাতানোর অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি।‘ঘরহীন’ হয়ে পড়া পাকিস্তানকে আতিথ্য দিয়েছিল ইসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান তাদের হোম সিরিজটা খেলেছে এখানেই। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজেই শুরু হয় স্পট ফিক্সিং কেলেঙ্কারি। স্পট ফিক্সিং নিয়ে মহা হইচইয়ের মধ্যে পিসিবির প্রধান হঠাৎ বলে বসেন, বাজিকরদের কাছ থেকে তিনি শুনেছেন, সিরিজের তৃতীয় ম্যাচটা ইংল্যান্ড নাকি ইচ্ছে করেই হেরেছে। এরপর ইসিবি আইনি নোটিশ পাঠায় পিসিবিকে। তাতে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় ইজাজ বাটকে। পরশু বাট লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, বাট কি ক্ষমা চাইতেই এসেছেন? সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বাট বলেছিলেন, ‘আসলে সবকিছু নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার এই সফর শেষ হলে আশা করি বিভ্রান্তিগুলো দূর হবে।’সেই বিভ্রান্তি দূর করতে দেওয়া বিবৃতিতে বাট বলেছেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সম্পর্কে এবং ১৭ সেপ্টেম্বর ওভালে যেসব ইংলিশ খেলোয়াড় খেলেছিলেন, তাঁদের সম্পর্কে আমি যে মন্তব্য করেছিলাম, ব্যক্তিগতভাবে ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি সেই মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।’বিবৃতিতে বাট এ ছাড়াও পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ইংল্যান্ডের খেলোয়াড়দের বদনাম করা, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এমন কিছু বলার কোনো ইচ্ছে ছিল না তাঁর। সব শেষে তিনি নিজেকে এখনো ইংলিশ ক্রিকেটের একজন হিতাকাঙ্ক্ষী বলে দাবি করে বলেছেন, ইসিবির সঙ্গে তাঁদের সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে। ইসিবি ও ইংলিশ খেলোয়াড়েরা বাটের এই কথা-প্রত্যাহারটা মেনে নিয়েছেন। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্রিট ওভালে ইংল্যান্ডের যেসব খেলোয়াড় খেলেছিলেন, তাঁরা এই প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন এবং বিষয়টি এখানেই শেষ হয়ে গেল।’ এই শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্য কাল হারুন লরগাত একরকম তিরস্কারই করেছেন বাটকে। ইংল্যান্ড ম্যাচ পাতানোয় জড়িত—সংবাদমাধ্যমে এমন একটা আলটপকা মন্তব্য করা তাঁর উচিত হয়নি বলে মন্তব্য করে আইসিসির প্রধান নির্বাহী বলেছেন, ‘এর চেয়ে আমরা খুশি হতাম তিনি যদি বিষয়টি আইসিসিকে বা দুর্নীতিবিরোধী বিভাগকে জানাতেন।’ অবশ্য পাকিস্তানের প্রতি সহানুভূতি জানিয়ে লরগাত বলেছেন, ‘কারও কারও অপরাধের কারণে পুরো দেশকেই নিষিদ্ধ করতে হবে—এমন মতবাদের পক্ষে আমি নই।’ এএফপি, ওয়েবসাইট।