কথা বলতে পারছেন রাইডার
আঙুল উঁচিয়ে আগের দিনই জানান দিয়েছেন, শারীরিক উন্নতি হচ্ছে তাঁর। জেসি রাইডারের অবস্থার উন্নতি হয়েছে আরও। ইশারা-ইঙ্গিতে বোঝানো নয়, এখন মুখে কথাও বলতে পারছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কথা বলেছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তাঁকে সরিয়ে আনা হয়েছে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে। নিতে পারছেন শ্বাস-প্রশ্বাসও। তবে হামলা সম্পর্কে কোনো কিছুই মনে করতে পারছেন না।গতকাল রাইডারের ম্যানেজার অ্যারন ক্লি বলেন, হাসপাতালের বিছানায় শুয়ে তাঁর ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন রাইডার, ‘জেসির অবস্থার উন্নতি হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তাকে বের করে আনা হয়েছে। খুলে ফেলা হয়েছে কৃত্রিমভাব শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থাও। জেসি এখন সচেতন এবং আমাদের সঙ্গে কথা বলেছেন।’তবে ক্লি এটাও জানিয়েছেন পূর্ণ সুস্থ হতে হলে রাইডারকে ‘দীর্ঘ লড়াই’-ই করতে হবে, ‘স্বাভাবিকভাবেই আমরা তার এই উন্নতিতে রোমাঞ্চিত। যদিও সেরে ওঠার প্রক্রিয়ায় এটা কেবল শুরু। স্বাভাবিক অবস্থা ফিরে পেতে বড় লড়াইটা এখনো বাকি। তবে অগ্রগতি ইতিবাচক।’গত বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চের এক পানশালার সামনে অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতকারীরা হামলা চালায় রাইডারের ওপর। এতে মস্তিষ্কই শুধু নয়, ফুসফুসেও প্রচণ্ড আঘান পান রাইডার। হামলাকারী সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা বলছে, আদতে রাইডারের ওপর হামলা করেছিল চারজন। তবে হামলা সম্পর্কে কোনো কিছুই মনে নেই রাইডারের। ক্লি বলেছেন, ‘তার স্মরণশক্তি শূন্যের কোটায়...এ সম্পর্কে বেশি কিছু বলতে পারছে না।’ এ সময় রাইডারের মা এবং বান্ধবীও পাশে ছিলেন। এএফপি।