ছোটবেলায় কথাটা প্রায়ই শুনতাম। যখন দুজনের মধ্যে ঝগড়া লাগত, উৎসুক শ্রোতারা বলত, ‘অ্যাই, হাত থাকতে মুখে কী!’ সেই উপদেশ আমি ভুলিনি, জনাব। মুখ চালাতে হয় না, চালাতে হয় হাত। করুণাময় আমাকে দুটো হাত দিয়েছেন, আমি তাই চালিয়ে যাচ্ছি। আমি দুই হাতে লিখি। কারণ আমি কম্পিউটারে লিখি। বাংলাদেশ দলের ওপর দিয়ে ৪ মার্চের সুনামি বয়ে যাওয়ার পর তার জবাব মুখে দেওয়ার দরকার নেই। ব্যাট আর বলই আমাদের হয়ে কথা বলুক। এখনো তিনটা ম্যাচ বাকি। কেবল ভালো খেলাই আবার পাল্টে দিতে পারে সবকিছু। ঘোরতর হতাশাবাদীকেও শামিল করতে পারে বিজয়মিছিলে।বিজয়ীকে মাথায় তুলে নৃত্য করা আর পরাজিতকে উপহাস করার ঘটনা বাংলাদেশেই প্রথম ঘটল তা নয়। কবি রবার্ট ব্রাউনিংয়ের জন্ম দুই শ বছর আগে, ১৮১২ সালে। তাঁর রচিত প্যাট্রিয়ট কবিতাটার উপশিরোনাম হলো ‘অ্যান ওল্ড স্টোরি’ (একটা পুরোনো গল্প)। দেশপ্রেমিক বীর শহরের রাস্তা দিয়ে যাচ্ছেন, তাঁর পথে শুধু গোলাপ আর গোলাপ, পায়ের নিচের কাদামাটিও গৌরবমাখা, দুই ধারে মানুষ আর মানুষ, চারদিকে পতাকা অগ্নিশিখার মতো দুলছে। তখন যদি তিনি বলতেন, ভাইসব, আমাকে আকাশ থেকে সূর্য পেড়ে এনে দাও; লোকেরা বলত, আচ্ছা, বলো আর কী তোমার চাই। একটা বছর পরে সেই একই পথ দিয়ে তিনি ফিরছেন, পরাজিত, সমস্ত রাস্তাঘাট শূন্য, আজ আর তাঁকে কেউ অভ্যর্থনা জানাচ্ছে না। ‘আমি কীভাবে ঢুকেছিলাম আর কীভাবেই না ফিরে যাচ্ছি। এক বছর আগে আমার পায়ের কাছে জনতা হুমড়ি খেয়ে পড়ত’—দেশপ্রেমিক ভাবছেন। ব্রাউনিংয়ের সময়েই এই গল্প ছিল পুরোনো।ক্রিকেট খেলায় স্লেজিং চিরাচরিত। কথার খোঁচায় ফিল্ডাররা ব্যাটসম্যানকে উত্ত্যক্ত করেন, ব্যাটসম্যানও বোলারদের মনঃসংযোগে চিড় ধরানোর জন্য নানা শ্লেষাত্মক কথা বলেন। এসব স্লেজিংয়ে অনেক সময় কাজ হয়। বোলার বা ব্যাটসম্যান উত্তেজিত হয়ে পড়েন। বল খারাপ করেন বা ভুল শট খেলে আউট হয়ে যান। এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো বাংলাদেশে হওয়ায় খেলোয়াড়দের ওপর চাপটা বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা এখন একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কিন্তু স্বদেশিদের স্লেজিংয়ের মোকাবিলা করতে হবে খেলোয়াড়দের, এটা অকল্পনীয় ছিল। আমাদের খেলোয়াড়েরা কোথায় খেলোয়াড়ি বিষয়গুলোতে মনোনিবেশ করবেন, তাঁদের জবাব দিতে হচ্ছে নানামুখী স্লেজিংয়ের।অথচ প্রথম দুটো খেলার পরে সাকিব আল হাসান বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন দর্শককে। দর্শকই আমাদের দলের প্রধান ভরসা। নিজের মাটিতে খেলেই না বাংলাদেশ ধরাশায়ী করেছিল নিউজিল্যান্ডকে। ক্রিকেট ধৈর্যের খেলা। অনিশ্চয়তারও খেলা। শেষ বলটা পর্যন্ত মনোবল ধরে রেখে খেলে যেতে হয়। আমরা, দর্শক, শুধু জয়ের সম্ভাবনা দেখলেই হাততালি দেব, পরাজয়ের আশঙ্কায় দুয়োধ্বনি দেব, তাহলে হবে না। দর্শককেই বরং হতে হবে সংশপ্তক, পরাজয় নিশ্চিত জেনেও লড়ে যেতে হবে। পরাজয়ের শঙ্কা দেখা দিলেই না বরং দর্শককে গর্জে উঠতে হবে, প্রতিপক্ষকে ভড়কে দিতে হবে বেশি বেশি করে। নিজেদের খেলোয়াড়দের উৎসাহিত করতে হবে, যেন তাঁরা সামর্থ্যের সবটুকু বিলিয়ে দেন মাঠে। মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক ভুল করে এসে যখন কাঁদছিলাম, তখন আমার পরিজনেরা তো আমাকে বকাঝকা করেননি, আমাকে উৎসাহিত করেছিলেন, যেন পরের পরীক্ষাগুলোয় ভালো করি।চলুন, চট্টগ্রামে যাই খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে। জয়-পরাজয় যাই আসুক না কেন, ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে চেঁচিয়ে আমরা গলা ফাটাব। আমাদের দিনে আমরা যে যেকোনো দলকে হারাতে পারি, সেটা তো এর আগেই প্রমাণিত হয়ে আছে। এবার ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে জেগে ওঠার পালা সাকিব আল হাসানদের। ইংল্যান্ডকে হারাতে পারলে আমাদের কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা জেগে থাকবে। খাদের কিনার থেকে ফিরে আসার ইতিহাস আমাদের দলের আছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটোতে হেরেও বাংলাদেশ সেই সিরিজ জিতে নিয়েছিল। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা পারব। সাকিব আল হাসানরা পারবেন। চলুন, আরেকবার আমরা আমাদের দলের পাশে গিয়ে দাঁড়াই। জিতলে পরে বলব, আমি বিজয় দেখেছি। আল্লাহ না করুন, যদি হেরে যাই, তখন বলব—দশে মিলি করি কাজ, হারি-জিতি নাহি লাজ। কিন্তু আমাদের আচরণ যেন খেলোয়াড়সুলভ হয়। জয়ে বা পরাজয়ে আমরা যেন আত্মহারা না হই, আমরা যেন বাড়াবাড়ি না করি।বাংলাদেশের জয় হোক। বাংলাদেশ বিজয়ী হবেই, এই স্বপ্ন যাবে না। আমরা মরে যেতে পারি, আমাদের স্বপ্ন মরবে না। হেমিংওয়ের মতো বলি, ‘এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড।’