কথা রাখছে না দাবার নতুন কমিটি
নির্বাচনের আগে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতির ফুলঝুরি। কিন্তু দাবা ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটি এক বছর পার করে দিয়েও প্রতিশ্রুতিগুলোর একটিও পূরণ করতে পারেনি।গত বছরের ৩১ মে পাঁচ গ্র্যান্ডমাস্টারের পরিষদকে হারিয়ে নির্বাচিত হয় এই কমিটি। এই কমিটির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল—বছরে দুটি করে গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের আয়োজন করা হবে। প্রতিশ্রুতি ছিল প্রতি বছর তিনটি আন্তর্জাতিক মাস্টার, সাতটি বিভাগে সাতটি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট, অনূর্ধ্ব-৮, ১০ ও ১২ টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণ, জাতীয় খেলোয়াড়দের মাসিক সম্মানী দেওয়া, বিদেশি কোচ নিয়োগ, স্বচ্ছ ও জবাবদিহির মাধ্যমে সাধারণ সভা, ফেডারেশনের আয়ের উৎস ও খেলোয়াড়দের জন্য কল্যাণ তহবিল তৈরি, ভেন্যুর আধুনিকায়ন, দাবা বুলেটিন প্রকাশসহ আরও অনেক কিছুই। কিন্তু কোনো কথা না রেখে কর্মকর্তাদের অনেকে ব্যস্ত ছিলেন বিদেশ ভ্রমণে যেতে।এ যেন গত মোকাদ্দেস হোসাইনের অ্যাডহক কমিটির নতুন সংস্করণ! ওই কমিটি যেমন জাতীয় জুনিয়র, সাব-জুনিয়র, মহিলা দাবা, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, রেটিং দাবা নিয়েই ব্যস্ত থেকেছে সারা বছর। এই কমিটিও চলছে সে পথেই।নির্বাচনী ইশতেহার কি আদৌ মনে আছে? প্রশ্নটা করতেই সাইফুল তারেকের উত্তর, ‘সবই মনে আছে। দাবার উন্নতিতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি।’ তাহলে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হচ্ছে না কেন জানতে চাইলে বলেন, ‘অনেক সময় আমি সবার কাছ থেকে সহযোগিতা পাই না।’ কমিটিতে না থেকেও এই একই কথা বললেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ‘এখানে বিভিন্ন জনের বিভিন্ন মত। যে কারণে হয়তো ঠিকমতো কোনো পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। তবে আমি আশা করি, এই কমিটি সফল হবে।’ সঙ্গে কিছু পরামর্শও দিলেন, ‘গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের বদলে প্রতিভা অন্বেষণের দিকেই এখন নজর দেওয়া উচিত। আর যেটা করা উচিত, সেটা হলো সাগর, লিজা, ফাহাদদের মতো খেলোয়াড়দের বিদেশের টুর্নামেন্টে বেশি বেশি খেলানো।’তবে এই কমিটি আন্তর্জাতিক পর্যায়ে একটু সাফল্য দাবি করতে পারে। বিশ্ব দাবা অলিম্পিয়াডে পুরুষ দল ১৫৮টি দেশের মধ্যে ৩৩তম স্থান পেয়েছে। ভারতে দুটি গ্র্যান্ডমাস্টার দাবায় জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব চ্যাম্পিয়ন হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে বিশ্ব সিটি দাবায় সেরা ষোলোর মধ্যে ছিল ঢাকা। শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবায় জিয়াউর রহমান ও শামীমা আক্তার (লিজা) চ্যাম্পিয়ন হয়েছেন। ফাহাদ রহমান দিল্লিতে অনূর্ধ্ব-৯ বিভাগে এশিয়ান স্কুল দাবায় চ্যাম্পিয়ন হয়েছে নিজের বিভাগে। কিন্তু এ তো ব্যক্তি দাবাড়ুদের সাফল্য। সাংগঠনিকভাবে ফেডারেশন কতটা উন্নতি করতে পারল এই এক বছরে?