কথা রাখলেন আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল চেলসির ম্যাচটি যেমন নিজেদের মাঠে ছিল, আজ লিভারপুলের ম্যাচটিও তাই। তবে দুই কোচের অবস্থার সঙ্গে একদমই মিল নেই। চেলসি কোচ কার্লো আনচেলত্তিকে ভুগতে হচ্ছে চাকরি হারানোর শঙ্কায়। আর লিভারপুলের কেনি ডালগ্লিসের আজ অ্যানফিল্ডে পুনরাভিষেকের আবেগ। চেলসির মৌসুমটা শুরু হয়েছিল দুর্দান্তভাবেই। কিন্তু সময় যত গড়িয়েছে, অবস্থা হয়েছে অবনত। কাল ব্ল্যাকবার্নের বিপক্ষে ম্যাচের আগে পর্যন্ত প্রিমিয়ার লিগে গত ১১ ম্যাচে মাত্র ১০ পয়েন্টই পেয়েছে। ১৫ বছরের মধ্যে এই প্রথম এমন বাজে ফল ‘ব্লু’দের। দলের ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তো বলেছিলেন, অবস্থা খুব করুণ চেলসির। কিন্তু চেলসির ইতালিয়ান কোচ আনচেলত্তির কাছে এটি পাত্তা পায়নি, ‘কেউ কেউ বলছে, আমাদের অবস্থা ভালো নয়। তবে আমার মনে হয়, আমরা ঠিকই ঘুরে দাঁড়াতে পারব।’ ঠিকই বলেছিলেন আনচেলত্তি। কাল ইভানোভিচ ও আনেলকার গোলে ব্ল্যাকবার্নকে ২-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। তবে তাঁর আরেকটা কথা ঠিক হবে কি না কে জানে। অনেকেই বলে আসছেন, আনচেলত্তির চেলসি-দিন শেষ হয়ে এল বলে! কিন্তু আনচেলত্তি বলেছেন, এ নিয়ে চিন্তিত নন, রোমান আব্রামোভিচের আনুকূল্য তাঁর পক্ষে আছে।ডালগ্লিস লিভারপুলের কোচ হয়েছেন সদ্যই। চাকরি হারানোর শঙ্কা তাঁর আপাতত নেই। লিভারপুলের সাবেক স্ট্রাইকারের মিশন হচ্ছে ‘অল রেড’দের টেনে তোলা। এই টেনে তোলার আগেও একবার লিভারপুলের দায়িত্ব পালন করা ডালগ্লিসের প্রতিপক্ষ আজ এভারটন।রয় হজসনের বিদায়ের পর নতুন করে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে দুটি ম্যাচ খেলে ফেলেছে লিভারপুল। তবে অ্যানফিল্ডের ডাগআউটে এই দফায় আজই প্রথম বসবেন। তাও আবার মার্সিসাইড ডার্বির ম্যাচ দিয়ে। ১৯ বছর পর আবার অ্যানফিল্ডের ডাগআউটে বসার আগে ডালগ্লিসকে আবেগ না ছুঁয়ে পারে না। চারদিকে আবেগের রেণু, ডালগ্লিস সেসবকে পাত্তা না দিয়ে নিজেকে বন্দী রাখছেন পেশাদারির খোলসে, ‘একটি ডার্বি জয় সমর্থকসহ সবার জন্য বড় আনন্দের ব্যাপার হবে। আমার কাছে তিনটি পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ।’ সত্যিই তাই। ২১ ম্যাচে মাত্র ২৫ পয়েন্ট নিয়ে আপাতত ১৩ নম্বরে আছে লিভারপুল। অবনমন অঞ্চল থেকে মাত্র ৪ পয়েন্ট দূরে। এএফপি।