কথা রাখলেন দ্রগবা
কথা দিয়েছিলেন। কথাটা রাখলেন। প্রথমে নায়ক, এরপর খলনায়ক হতে হতেও বেঁচে গিয়ে শেষ পর্যন্ত নায়কই। চেলসির হয়ে তাই ‘শেষ ম্যাচটা’ স্মরণীয়ই করে রাখলেন দিদিয়ের দ্রগবা।পুরো ম্যাচে মাত্র একটাই কর্নার পেয়েছিল চেলসি। সেই একটা কর্নারই কাজে লাগিয়েছেন। দুর্দান্ত হেডে ফিরিয়েছেন সমতা। কিন্তু একপর্যায়ে মনে হচ্ছিল, দ্রগবা বুঝি চার বছর আগের ফাইনালটির মতোই শেষ পর্যন্ত খলনায়ক হয়ে যান। মস্কোর ফাইনালে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। পরশুও অতিরিক্ত সময়েই নিজেদের বক্সে ফ্রাঙ্ক রিবেরিকে ফেলে দিয়েছিলেন। পেনাল্টি পেয়ে গিয়েছিল বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত সেই পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন পিওতর চেক। দ্রগবাকে আবার নায়কের আসনে বসার সুযোগ করে দিয়েছিল শেষ পেনাল্টি শট। সেটি নিখুঁত নিশানায় জালে পাঠিয়ে চেলসিকে বহু প্রতীক্ষিত ট্রফিটা জিতিয়েছেন। দিন কয়েক আগে এফএ কাপেও চেলসি জিতেছে তাঁর গোলে।ঘটনাক্রমে চেলসির দুই জয়ের নায়কই এখন কার্যত আর চেলসির নন! রবার্তো ডি মাত্তেওর মতো দ্রগবাও এখনো চেলসির সঙ্গে নতুন চুক্তি করেননি। চেলসির সঙ্গে তাঁর আট বছরের যাত্রার এখানেই সমাপ্তি কি না, সেটির উত্তর মিলবে শিগগিরই। তবে দ্রগবা আপাতত খুশি কথা রাখতে পেরে। ম্যাচের আগে বলেছিলেন, মস্কোর ভুল করবেন না। এবার সতীর্থদের মুখে হাসি ফোটাতে চান। ম্যাচ শেষে কথা রাখতে পারার তৃপ্তিই থাকল আইভরিয়ান স্ট্রাইকারের কণ্ঠে, ‘আজ ক্লাব, আমাদের সমর্থক এবং খেলোয়াড়দের জন্য একটি অবিস্মরণীয় দিন। আমি খুবই আনন্দিত। এখন কেমন অনুভব করছি, সেটা ভাষায় প্রকাশের মতো শব্দ আছে কি না জানি না। চেয়েছিলাম, চেলসির মুখে হাসি ফোটাতে। আগেরবার আমরা সবাই হতাশায় ডুবে ছিলাম। কেউ কেউ কাঁদছিলও। আমি তাই খুব আনন্দিত সেই তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে।’এ সময় নিজের ভবিষ্যৎ-ভাবনাটাও তাঁর মাথায় নেই বলে দাবি ৩৪ বছর বয়সীর, ‘এমন আবেগময় মুহূর্তে মনে হয় না আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব। আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ কোনো কিছু নয়; বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা আজ যা অর্জন করলাম, সেটিই।’ দ্রগবাকে আরও অনেক দিন দলে দেখতে চান জানিয়ে পরশু ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ‘আমরা হয়তো দুর্দান্ত খেলিনি, কিন্তু আমাদের প্রধান অস্ত্র দিদিয়ের ঠিকই আমাদের সমস্যার ভেতর থেকে বের করে এনেছে। ও একজন নায়ক। ও না থাকলে আমরা এখানে আসতেও পারতাম না।’এর আগেও দুবার ফাইনালে হারার পোড়া অভিজ্ঞতা হয়ছে অ্যাশলি কোলের। তবে চেলসি ডিফেন্ডার বলছেন, দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে নাপোলির বিপক্ষে জেতার পরই মনে হয়েছে, ভাগ্য তাঁদের পাশে আছে। প্রথম লেগে ৩-১ গোলে হেরে যাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ওই ম্যাচে চেলসি জিতেছিল ৪-১ ব্যবধানে।মৌসুমের মাঝপথে এই তারকাদের নিয়ে ইংলিশ মিডিয়ায় কম সমালোচনা হয়নি। প্রত্যেক তারকাকে তুলনা করা হয়েছিল একেকটি ‘বুড়ো হাতি’র সঙ্গে। এখন তাঁদের নিয়েই ইংলিশ মিডিয়ায় সে কী উচ্ছ্বাস! দ্রগবারা মাঠে তো জিতেছেনই, জয় এসেছে মাঠের বাইরেও। এএফপি, রয়টার্স।