কথা রাখলেন ফ্রাঙ্ক ডি বোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুহাত ছড়িয়ে ড্যানি হোয়েসেন (বাঁয়ে) যেন উড়ছেন। বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনার খুশিতে তিনি উড়তেই পারেন। পরশু আমস্টারডামে আয়াক্সের দ্বিতীয় গোলের পর  এএফপি
দুহাত ছড়িয়ে ড্যানি হোয়েসেন (বাঁয়ে) যেন উড়ছেন। বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনার খুশিতে তিনি উড়তেই পারেন। পরশু আমস্টারডামে আয়াক্সের দ্বিতীয় গোলের পর এএফপি

টোটাল ফুটবলের মুখোমুখি টিকি-টাকা! এ তো শুধুই একটা ফুটবল ম্যাচ নয়, দুই ফুটবল ঐতিহ্যের লড়াইও!
মাস দুয়েক আগে প্রথম লড়াইয়ে জয় হয়েছিল টিকি-টাকার। পরশু নিজের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শোধ নিল আয়াক্সের টোটাল ফুটবল। দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের প্রায় ফিকে হয়ে আসা নকআউট পর্বের স্বপ্ন এখন বেশ ঝলমলে। শেষ ম্যাচে মিলানকে হারাতে পারলেই শেষ ষোলোতে উঠে যাবে ফ্রাঙ্ক ডি বোরের দল। কিন্তু এ ম্যাচের মাহাত্ম্য শুধু এটুকু নয়।

ডানের জনের গোলেই আজ থেকে ২১ বছর আগে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব পেয়েছিল বার্সেলোনা। বাঁয়ের ভদ্রলোক ছিলেন তখন সেই দলের কোচ। রোনাল্ড কোম্যান ও ইয়োহান ক্রুইফ পরশু রাতেও আমস্টারডামে ছিলেন। বার্সেলোনার খেলাই ছিল, তবে গুরু-শিষ্য এ দিন ছিলেন মনেপ্রাণে আয়াক্সের সমর্থক। সেখানেই যে নাড়ি পোঁতা তাঁদের!  এএফপি
ডানের জনের গোলেই আজ থেকে ২১ বছর আগে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব পেয়েছিল বার্সেলোনা। বাঁয়ের ভদ্রলোক ছিলেন তখন সেই দলের কোচ। রোনাল্ড কোম্যান ও ইয়োহান ক্রুইফ পরশু রাতেও আমস্টারডামে ছিলেন। বার্সেলোনার খেলাই ছিল, তবে গুরু-শিষ্য এ দিন ছিলেন মনেপ্রাণে আয়াক্সের সমর্থক। সেখানেই যে নাড়ি পোঁতা তাঁদের! এএফপি

ম্যাচের আগেই ডি বোর আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, অপ্রতিরোধ্য বার্সেলোনাকে যদি কেউ হারাতে পারে তবে সেটা আয়াক্স। আমস্টারডামে মেসিবিহীন বার্সেলোনাকে হারিয়ে নিজের কথার প্রমাণও দিলেন সাবেক বার্সা ডিফেন্ডার। জাভি-ইনিয়েস্তা-পুয়োল-পিকেদের নিয়ে গড়া বার্সেলোনাকে ২০ ম্যাচ পর প্রথম হারের স্বাদ দিলেন ডি বোরের ছাত্ররা। গড়ে যাঁদের বয়স মাত্র বাইশের একটু বেশি! দায়িত্ব নেওয়ার পর প্রথম হারে কোনো অজুহাত দেখাননি বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো, ‘যদি কোনো দল আয়াক্সের মতো খেলে আর যদি আমাদের খেলায় এ রকম গভীরতা না থাকে, তাহলে সব সময় প্রতিপক্ষ জিতবে এটাই স্বাভাবিক। আমার তত্ত্বাবধানে এটা সবচেয়ে বাজে প্রথমার্ধ। খুবই জঘন্য এবং এর কোনো অজুহাতও নেই।’

আশা আছে মিলানেরও
গ্লাসগোতে ঠিক ফুরফুরে মেজাজ নিয়ে যেতে পারেননি মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। সিরি ‘আ’তে হতাশাজনক পারফরম্যান্সের জন্য সমালোচনা শুনতে হয়েছে, সান সিরোতে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে মিলান-ভক্তরা। জবাবটা দিলেন চ্যাম্পিয়নস লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচে। কাকা, জাপাতা আর বালোতেল্লির গোলে ৩-০ ব্যবধানের জয় শুধু সমর্থকদেরই আপাতত ঠান্ডা করছে না, টিকিয়ে রেখেছে মিলানের নকআউট পর্বে খেলার আশাও। সান সিরোতে আয়াক্সের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডের টিকিট পেয়ে যাবে অ্যালেগ্রির দল।

জিতেও অপেক্ষায় আর্সেনাল
পাঁচটি করে ম্যাচ খেলেছে সব দল। অথচ ‘এফ’ গ্রুপ থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের টিকিট পায়নি কোনো দল! বার্সেলোনা-আয়াক্স-মিলানের ‘এইচ’ গ্রুপকে ‘গ্রুপ অব ডেথ’ বলা হলেও এবার সত্যিকারের মৃত্যুকূপ যেন ডর্টমুন্ড, আর্সেনাল, নাপোলি ও মার্শেইয়ের এই গ্রুপটা। মার্শেইকে পরশু রাতে ২-০ গোলে হারানোয় ৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ১২। এর পরও হিসাব-নিকাশের প্যাঁচে পরের রাউন্ড অনিশ্চিত রয়ে যাওয়ায় অবাক আর্সেনাল কোচ ওয়েঙ্গারও, ‘এটা অবিশ্বাস্য। কিন্তু এটাই বাস্তব এবং আমাদের বাকি কাজটুকু শেষ করতে হবে।’ বাকি কাজ মানে নেপলসে শেষ ম্যাচে নাপোলির কাছে না হারা। অবশ্য হারলেও আশা থাকবে, কিন্তু তখন তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে।

শেষ ম্যাচেও জয় চায় ডর্টমুন্ড
শেষ দুই ম্যাচ অগ্নিপরীক্ষা ছিল দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বরুসিয়া ডর্টমুন্ডের। পরশু নিজের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে প্রথম সেই পরীক্ষা উতরে গেছে ডর্টমুন্ড। শেষ ম্যাচে জিতলে বর্তমান রানার্সআপরা পৌঁছে যাবে নকআউট পর্বে। হেরে গেলে বা ড্র করলেও আশা থাকবে, সে ক্ষেত্রে ভাগ্য গড়ে দেবে নাপোলি-আর্সেনাল ম্যাচ। গোলমেলে এই হিসাবে না গিয়ে তাই শুধু জয়ের কথাই ভাবছেন ডর্টমুন্ড ডিফেন্ডার কেভিন গ্রসকক্রুটজ, ‘আমি আমার অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম, নাপোলির সঙ্গে জয়টা আমাদের হিসাব সহজ করেছে কি না। কোচ আমাকে পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি আসলে কিছুই বুঝিনি।’

হেরেও নকআউটে চেলসি
১২ পয়েন্ট নিয়েও আর্সেনালের পরের রাউন্ড নিশ্চিত নয়। এদিকে ৯ পয়েন্ট নিয়েই চেলসি ড্যাং ড্যাং করে নকআউট পর্বে। বাসেলের সঙ্গে ১-০ গোলের হারটা ব্লুদের জন্য ধাক্কা হয়ে আসেনি। আসলে লন্ডনি ক্লাবটি বেঁচে গেছে গ্রুপের অন্য ম্যাচে শালকে-স্টুয়া বুখারেস্ট গোলশূন্য ড্র করায়। তবে দুই লেগেই বাসেলের কাছে হারে মোটেও সন্তুষ্ট নন হোসে মরিনহো। বিশেষ করে পরশুর ম্যাচ নিয়ে রীতিমতো হতাশ চেলসি কোচ, ‘খুব বাজে খেলেছি, হারই পাওনা ছিল। খেলার প্রথম মিনিট থেকেই আমার কিছুই পছন্দ হচ্ছিল না।’ এএফপি।


চ্যাম্পিয়নস লিগ
আয়াক্স ২ : ১ বার্সেলোনা
সেল্টিক ০ : ৩ মিলান
বাসেল ১ : ০ চেলসি
স্টুয়া বুখারেস্ট ০ : ০ শালকে
আর্সেনাল ২ : ০ মার্শেই
ডর্টমুন্ড ৩ : ১ নাপোলি
জেনিত ১ : ১ অ্যাটলেটিকো
পোর্তো ১ : ১ অস্ট্রিয়া ভিয়েনা
* স্বাগতিক দল প্রথমে