কথা রাখলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাধারণ এক গোল। হেডে গোল তিনি করেছেন অজস্র। তবে আর দশটা গোলের সঙ্গে এই গোলটা কিছুতেই মিলবে না। ক্রিস্টিয়ানো রোনালদো যেন মাধ্যাকর্ষণ তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো এক জাদুমন্ত্রে লাফিয়ে উঠলেন শূন্যে। প্যাট্রিস এভরা শুধু চেয়ে চেয়ে দেখলেন। স্রেফ দর্শকের চোখে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকল না ডেভিড ডি গিয়ারও। দারুণ এক গোলে সমতা ফিরিয়ে সতীর্থদের আলিঙ্গনে বাঁধা পড়লেন রোনালদো।কিন্তু না, এমন গোল করেও উচ্ছ্বাসের প্রাবল্য নেই। রোনালদো কথা দিয়েছিলেন, নিজের ছেড়ে আসা কিন্তু এখনো হূদয়ের এক কোণে যত্ন করে রেখে দেওয়া ক্লাবের বিপক্ষে গোল করলে উদ্যাপন করবেন না। রোনালদো কথা রেখেছেন। সমতা ফেরানো গোলটি করেও নিজের সাবেক ক্লাবের প্রতি সম্মান দেখাতে ভোলেননি। ম্যাচ শেষে পর্তুগিজ তারকা বলেছেন, বাইরে থেকে বোঝা না গেলেও নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে কেমন আবেগের আগুনে পুড়ছিলেন, ‘ম্যানচেস্টারে ছয় বছর ছিলাম। আজকের (পরশু) রাতটা আমার জন্য ছিল আবেগময়। আমি গোল করেছিলাম। কিন্তু সম্মানের জায়গা থেকে আমি উদ্যাপন করিনি।’ বলেছেন, ‘আমার জন্য ম্যানচেস্টারের বিপক্ষে খেলা কঠিন একটা কাজ। আমি শুধু পেশাদার থাকতে চেয়েছি। নিজের সেরাটা খেলতে চেয়েছি।’তাঁর জন্য আরও বড় আবেগের মঞ্চ অপেক্ষা করছে। ৫ মার্চ ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগ। আবেগ বুকে চেপে রোনালদোকে লড়তে হবে দলকে পরের রাউন্ডে নিয়ে যাওয়ার কঠিন পরীক্ষায়, ‘হয়তো ইউনাইটেড এখন ফেবারিট, হয়তো নয়। যেকোনো কিছুই ঘটতে পারে। কখনো কখনো আমরা কিন্তু নিজেদের মাঠের চেয়ে প্রতিপক্ষের মাঠেই ভালো খেলি। কী ঘটে দেখা যাক। চার বছর পর ওল্ড ট্রাফোর্ডে খেলা আমার জন্য হবে অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। এটা হবে আরেকটি আবেগের এক রাত।’রোনালদো এদিন ম্যাচ শেষে কিছুটা সময় ইউনাইটেডের ড্রেসিংরুমেও কাটিয়েছেন। রোনালদোর এই সৌজন্য মুগ্ধ করেছে তাঁর সাবেক গুরু অ্যালেক্স ফার্গুসনকে, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। ও আমাদের ড্রেসিংরুমে এসেছিল। ছেলেদের সঙ্গে কথা বলেছে। আমাদের সঙ্গে ও ছয় বছর ছিল। ও যেভাবে বিকশিত হয়েছে তাতে আমি গর্বিত।’ স্যার অ্যালেক্স এর চেয়েও বেশি মুগ্ধ রোনালদোর গোলে, ‘কী এক হেডার! অবিশ্বাস্য। কারও সাধ্য নেই এটা ঠেকায়। ওই লাফ, বাতাসে নিজের ভারসাম্য ধরে রেখে এমন জোরালো হেডার, সত্যিই অবিশ্বাস্য। আমি প্যাট্রিস এভরাকে মাঝবিরতিতে বলেছিলাম, তুমি ওকে আটকানোর জন্য লাফ দাওনি কেন? পরে ভিডিও দেখে নিজেই নিজেকে গাল দিলাম, আরে এসব আমি কী বলছি? ওর হাঁটুই তো এভরার মাথার ওপরে ছিল। এটা বিস্ময়কর। আমার মনে হয় না বিশ্বের আর কোনো খেলোয়াড় এটা পারবে, মেসি তো অবশ্যই না।’ ওয়েবসাইট।