কথাও বলতে পারছেন না আলী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বক্সিং রিংয়ে তাঁর হাত দুটো চলত বিদ্যুৎগতিতে। অনেকে বলেন, এর চেয়েও বেশি চলত মোহাম্মদ আলীর মুখ। গ্লাভস হাতে ঘুষি দেওয়ার আগে কতজনকে স্রেফ কথায় ঘায়েল করে দিয়েছেন কিংবদন্তি বক্সার। প্রবল পরাক্রমশালী সেই দুটি হাতের জোর হারিয়েছেন অনেক আগেই। পারকিনসন্স রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন স্বাভাবিক চলাফেরার শক্তিও। এবার কি কথা বলার শক্তিটাও হারাবেন সর্বকালের সেরা বক্সার? তাঁর ভাই রহমানের কথা শুনে সেই শঙ্কাই জাগছে। অসুস্থতা এত বেড়ে গেছে যে, ইদানীং নাকি ভালো করে কথাও বলতে পারছেন না আলী।
কিংবদন্তি বক্সারের জীবনী নিয়ে আই অ্যাম আলী নামের একটা প্রামাণ্যচিত্র বানিয়েছেন ব্রিটিশ পরিচালক ক্লেয়ার লিউইন্স। যে সিনেমায় থাকছে ৫০ বছর আগে সনি লিস্টনকে ধরাশায়ী করা ২২ বছরের ক্যাসিয়াস ক্লে থেকে কিংবদন্তি মোহাম্মদ আলী হয়ে ওঠার গল্প। থাকছে বর্ণবাদের বিরুদ্ধে তাঁর আজীবন সংগ্রামের কথাও। শুরুতে এ ছবিতে অভিনয় করার কথা ছিল আলীর নিজেরও। অসুস্থতার কারণে সেটা পারেননি। তবে আলীর পরিবার, বন্ধু, একসময়ের প্রতিপক্ষ, সহকর্মী সবার অংশগ্রহণে এবং ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ ও ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’র মতো আলীর স্মরণীয় লড়াইগুলোর ফুটেজ নিয়ে ছবিটা ঠিকই শেষ করেছেন লিউইন্স। গত সপ্তাহে হলিউডে ছবির প্রিমিয়ারে থাকার কথা ছিল আলীর। কিন্তু এবারও পারলেন না। ওই অনুষ্ঠানেই অতিথি হয়ে গিয়ে তাঁর ৭১ বছর বয়সী ভাই রহমান দিয়েছেন দুঃসংবাদটা, ‘ও এত অসুস্থ যে, আমি এই ছবিটা নিয়ে কথা বলতে পারিনি তাঁর সঙ্গে। ও ভালো করে কথাই বলতে পারছে না।’
সিনেমাটা আলী দেখেননি এখনো। তবে দেখলে যে দারুণ খুশি হবেন, তা নিয়ে সন্দেহ নেই আলীর কন্যা মারিয়ামের, ‘আমি জানি, বাবা এ সিনেমাটা দারুণ পছন্দ করবেন। তিনি এটা দেখলে কাঁদবেন, হাসবেন, গর্বিত হবেন।’
২৮ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে আই অ্যাম আলী। মিরর।