বোলার কার্টলি অ্যামব্রোসের ভয়ংকর রূপটা দেখেছেন ইতিহাসের নামীদামি অনেক ব্যাটসম্যান। কিন্তু মানুষ হিসেবে নিপাট ভদ্রলোক অ্যামব্রোস রেগে গেলে কতটা ভয়ংকর হতে পারেন স্টিভ ওয়াহ সেটা কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন ১৯৯৫-এর এপ্রিলে, কুইন্স পার্ক ওভালে। ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্ট। আগের দুটির একটি ড্র আর একটিতে জিতে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু পোর্ট অব স্পেনে অ্যামব্রোসের তোপের মুখে পড়ে তাঁদের ব্যাটিংয়ে ধস। একমাত্র প্রতিরোধ এল ওয়াহর ব্যাট থেকে। ব্যাটে-বলে তুমুল লড়াইয়ের পাশাপাশি চলল টুকটাক স্লেজিংও। ওই সময়েই ভুলটা করলেন ওয়াহ। খেপিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসারকে। অ্যামব্রোসের প্রতিক্রিয়াটা হলো ভয়াবহ। তেড়েফুঁড়ে মারতেই গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। রিচি রিচার্ডসন সেদিন দুজনের মাঝে এসে না দাঁড়ালে কী যে হতো!
জেমস ফকনারের মন্তব্য যেন অনেক বছর পর ছাইচাপা আগুনটা আবার ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের আজকের ম্যাচ নিয়ে ফকনার বলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলটাকে তাঁর মোটেও পছন্দ নয়। গেইল সম্পর্কে বলেছেন, ‘খুব কমই খেলোয়াড় আছে যাদের আমি মাটিতে শুইয়ে দিতে চাই।’ গেইলের ওপর ক্ষোভ থাকতেই পারে। গত বছর ক্যানবেরার ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারকে আউট করার পর একচোট লেগে গিয়েছিল দুজনের মধ্যে। কিন্তু ঢালাওভাবে ওয়েস্ট ইন্ডিজ দলকে অপছন্দ করার কথা বলাটা তো একধরনের মৌচাকে ঢিল ছোড়ার মতোই। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা আসতেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক স্যামি হেসে বললেন, ‘ফকনার পছন্দ না-ও করতে পারে। কিন্তু আমি নিশ্চিত বেশির ভাগ মানুষের কাছেই আমরা পছন্দের দল। অস্ট্রেলিয়ানরা অনেক কথা বলে। আমরা কথার জবাব খেলাতেই দিতে চাই।’ অধিনায়কের সহনশীলতা আছে, সেই সঙ্গে আছে হুমকির পাল্টা জবাবও।
তাঁর আগে সংবাদ সম্মেলনে এসে ব্র্যাড হাডিন বলে যান, আগের ম্যাচটা হারায় এটা তাঁদের অস্তিত্বের লড়াই হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বস্ব উজাড় করে দেবেন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ কি কিছুটা চাপে? এবার যেন বাউন্সারে হুক করলেন স্যামি, ‘শেষবার যখন বিশ্বকাপে ওদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তখন কী হয়েছিল আশা করি সেটা অস্ট্রেলিয়া ভুলে যায়নি। আমার তো মনে হয়, আমাদেরই গলার জোরটা বেশি হওয়া উচিত।’ ইঙ্গিতটা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে। গেইল-ঝড়ে সেদিন উড়ে গিয়েছিল জর্জ বেইলির অস্ট্রেলিয়া।
শুধু টুর্নামেটে টিকে থাকার লড়াই নয়, আজ যে অস্ট্রেলিয়ার সেই ম্যাচের শোধ নেওয়ার পালাও! কিন্তু ফকনারের মন্তব্যে তাতিয়ে থাকা স্যামির দল কি সেই সুযোগ দেবে?