কথার যুদ্ধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে শুরু হয়েছিল ব্যাপারটা। সেবারও নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল খেলা। সেবারের ম্যাচটি ধরে এর আগ পর্যন্ত চারবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে, কখনোই ৯০ মিনিটে জার্মানি-ইংল্যান্ড ম্যাচে ফল আসেনি।‘৬৬-এর ফাইনালে অতিরিক্ত সময়ে দুই গোল করে জিতেছিল ইংল্যান্ড। ১৯৭০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে এক গোল করে জিতেছিল জার্মানি। আর ১৯৯০ বিশ্বকাপে জার্মানিকে জিততে হয়েছিল টাইব্রেকারে।ইতিহাসই বলছে, জার্মানি আর ইংল্যান্ড বিশ্বকাপে মুখোমুখি হলেই সমানে সমান লড়াই দেখার একটা সম্ভাবনা থাকে। এবারও দর্শকেরা সে সুযোগ পাচ্ছে। এবার আর সেমিফাইনাল বা ফাইনাল নয়, দ্বিতীয় পর্বেই মুখোমুখি ইউরোপিয়ান দুই ‘ফেবারিট’! দ্বিতীয় পর্বে ওঠা নিশ্চিত করেই জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, তিনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে উত্তেজিত। উত্তেজিত দুই পক্ষেরই সাবেক-বর্তমানেরা। ১৯৯০ বিশ্বকাপে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে দল নিয়ে যাওয়া এবং শেষ পর্যন্ত ওইবার শিরোপা জেতা কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও।বেকেনবাওয়ার বিল্ড পত্রিকায় লেখা কলামে এই ম্যাচটিকে সম্ভাব্য একটি ‘ক্ল্যাসিক’ হিসেবেই দেখছেন। কিন্তু বিশ্বকাপজয়ী কোচ-অধিনায়ক বেকেনবাওয়ার চাইছিলেন, এই ম্যাচ আরও পরে আসুক। সেটা না হওয়ায় দায় দিচ্ছেন ইংলিশদেরই, ‘এ রকম একটা খেলা ন্যূনতম সেমিফাইনালে হওয়া উচিত, শেষ ষোলোতে নয়। গাধার মতো খেলে অল্পের জন্য গ্রুপে দ্বিতীয় হয়ে ইংলিশরাই ঝামেলাটা তৈরি করল।’ম্যাচে কী হবে, সেটা পরের কথা। কিন্তু ইংলিশদের মানসিকভাবে চাপে রাখার দায়িত্বটা বেকেনবাওয়ার নিয়েই নিয়েছেন, ‘ইংলিশদের দেখে খুবই ক্লান্ত মনে হলো। এর পেছনে অবশ্য যথেষ্ট কারণ আছে—প্রিমিয়ার লিগের খেলোয়াড়েরা বুন্দেসলিগার খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, সঙ্গে আবার দুটো কাপ খেলতে হয়েছে। অন্যদিকে আমাদের ছেলেরা শারীরিকভাবে অনেক ভালো।’বেকেনবাওয়ার ইংলিশদের এমন আক্রমণ এবারের বিশ্বকাপের শুরু থেকেই করে আসছেন। এর জবাবও দিয়েছেন ইংলিশ খেলোয়াড়েরা। আর এবারের আক্রমণের কথা শোনার আগেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড জানিয়ে রাখলেন, বেকেনবাওয়ারের ধারণা ঠিক না। ল্যাম্পার্ড মনে করছেন, স্লোভেনিয়ার বিপক্ষে যা খেলেছে দল, সে রকম খেললেই জার্মানির বিপক্ষে জিতে যাবেন তাঁরা। ল্যাম্পার্ড তো জার্মানির বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন। আর ইংলিশ সংবাদমাধ্যম এই ম্যাচ পার হয়ে কোয়ার্টার ফাইনাল দেখতে পাচ্ছে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কারা? সেই আর্জেন্টিনা! ১৯৮৬-এর ইতিহাসের কারণেই ইংলিশ মিডিয়া আগে থেকে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই নিয়ে ছক কাটা শুরু করেছে। সেবার ‘হ্যান্ড অব গড’ ও ‘শতাব্দী-সেরা গোল’ করে আর্জেন্টিনাকে ইংল্যান্ডের বাধা পার করে নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা। এবারও আছেন তিনি। কিন্তু ডাগ-আউটের সামনের ম্যারাডোনা এবার কী দেখাবেন? এএফপি, ওয়েবসাইট।