কনর্সের সঙ্গে শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া শারাপোভা, জিমি কনর্স
মারিয়া শারাপোভা, জিমি কনর্স

সাবেক কোচ টমাস হগস্টেডের সঙ্গে তিন বছরের সম্পর্কটা চুকিয়ে ফেলেছেন গত শুক্রবার। মারিয়া শারাপোভা নতুন কোচ নিয়োগ করলেন দ্রুতই। নামটিও যথেষ্টই চমক-জাগানিয়া। রুশ তারকা নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি জিমি কনর্সকে। অ্যান্ডি মারের সাফল্যই কি শারাপোভাকে কনর্সের মতো একজন গ্রেটকে কোচ করতে উৎসাহিত করেছে? বছর খানেক আগেও মারে ভেঙে পড়তেন চাপের মুখে। কিন্তু ২০১২ সালে আরেক কিংবদন্তি ইভান লেন্ডলকে কোচ করে নিজেকে বদলে ফেলেছেন মারে। ওই বছরই মারে জিতে নেন অলিম্পিক সোনা ও ইউএস ওপেন শিরোপা। কদিন আগে ব্রিটিশদের ৭৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে জিতেছেন আরাধ্য উইম্বলডন শিরোপাটাও। মারে নিজেই বলেছেন, লেন্ডলকে কোচ করাতেই বদলে গেছে তাঁর ক্যারিয়ারের গতিপথ।শারাপোভাও সে রকম কিছুরই স্বপ্ন দেখছেন কি না বলা মুশকিল। তবে কনর্সের মতো একজনকে কোচ হিসেবে পাওয়াটা একটা বিশাল ব্যাপার। টেনিস ইতিহাসের সর্বকালের সেরাদের তালিকা করলে ওপরের দিকেই থাকবে কনর্সের নাম। ৮টি গ্র্যান্ড স্লাম জেতা যুক্তরাষ্ট্রের ৬০ বছর বয়সী সাবেক এক নম্বর তারকাকে মনে করা হয় টেনিস ইতিহাসের লড়াকু খেলোয়াড়দের একজন। সত্তর ও আশির দশকে অনেকের সঙ্গে তাঁর গড়ে উঠেছিল কিংবদন্তিতুল্য প্রতিদ্বন্দ্বিতা। ৪টি গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভাও কনর্সকে কোচ হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার নতুন কোচ হবেন জিমি কনর্স।’ নিজের ওয়েবসাইটে শারাপোভা লিখেছেন, ‘জিমিকে আমি অনেক বছর ধরেই চিনি। ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের আগে সংক্ষিপ্ত সময়ের জন্য তাঁর সঙ্গে একত্রে কাজও করেছি। আমাদের নতুন জুটি নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং আসন্ন টুর্নামেন্টগুলোর জন্য তাকাচ্ছি সামনে।’ রয়টার্স।