কনসার্ট বলে ভেন্যু বাতিল কুমিল্লায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুরু হচ্ছে ৩২তম আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। প্রথম পর্বের খেলা হবে দেশের ১৬টি ভেন্যুতে। ভেন্যুর তালিকায় প্রথমে কুমিল্লা জেলা স্টেডিয়াম থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করে চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।সূচি অনুযায়ী আগামীকাল থেকে ৭ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা দলের মোট ১০টি ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লা স্টেডিয়ামে। কিন্তু জেলা ক্রীড়া সংস্থা ৩০ এপ্রিল স্টেডিয়ামটি কনসার্টের জন্য ভাড়া দিয়ে দেওয়ায় আন্তজেলা ক্রিকেটের ভেন্যুই সরিয়ে নেওয়া হয়েছে কুমিল্লা থেকে।বিসিবির টুর্নামেন্ট কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান জোয়ার্দার বলেছেন, ‘কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের লিখিত সম্মতিক্রমেই আমরা কুমিল্লাকে ভেন্যু করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে তিনি আমাদের জানালেন স্টেডিয়ামে মেয়র সাহেবের কী একটা অনুষ্ঠান হবে। আমরা যেন ২ এপ্রিল থেকে খেলা শুরু করি। এটা সম্ভব নয়, কারণ ৯ এপ্রিলের মধ্যে প্রথম রাউন্ডের খেলা শেষ করতে হবে।’এ ব্যাপারে জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল কাল টেলিফোনে বলেছেন, ‘আমরা বলেছিলাম, ২ এপ্রিল থেকে খেলাটা দেওয়া হোক। কিন্তু ওনারা দিলেন না। ৩০ মার্চ মেয়র সাহেব, এমপি সাহেব, ডিসি সাহেব মাঠের পাশে একটা কনসার্ট করবেন। তিন মাস আগে থেকে এটা ঠিক করা। খেলা আয়োজনে আমাদের অনাগ্রহ ছিল না। দু-এক দিন পেছাতে বলেছিলাম।’ কনসার্টের জন্য স্টেডিয়াম ভাড়া দিয়ে জেলা ক্রীড়া সংস্থার এক লাখ টাকা আয় হবে বলে জানিয়েছেন তিনি।