কনিষ্ঠতমের নেতৃত্বে 'বুড়োর' ফেরা

তাঁকে ভাবা হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ। তবে ভবিষ্যতের জন্য অপেক্ষায় না থেকে একটা ইতিহাসের অংশ তিনি হয়ে যাচ্ছেন এখনই। কাল প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে যখন টস করতে নামবেন, দিনেশ চান্ডিমাল হয়ে যাবেন শ্রীলঙ্কার কনিষ্ঠতম ওয়ানডে অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য অধিনায়ক করা হয়েছে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। এই দুই ম্যাচে তাঁর ডেপুটি থাকবেন লাহিরু থিরিমান্নে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি একই মাঠে, ২৩ জুলাই। ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আঞ্জেলো ম্যাথুস। ডেপুটি হিসেবে নেতৃত্বটা চান্ডিমালেরই পাওয়ার কথা। এ ঘোষণায় তাই খুব বিস্ময়ের কিছু নেই। ১৫ সদস্যের দলে চমক হয়ে এলেন প্রায় ভুলে যাওয়া এক নাম। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন জিহান মুবারক! ৩২ বছর বয়সী ব্যাটসম্যান জিহান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৯ সালের জানুয়ারিতে। শ্রীলঙ্কার হয়ে শেষবার খেলেছেন ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে। ২০০২ সালে দারুণ সম্ভাবনা নিয়ে শুরু করেও খেলতে পেরেছেন মাত্র ১০ টেস্ট, ৩৮ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি। এবার হয়তো পেলেন আক্ষেপ পূরণের শেষ সুযোগ! ওয়েবসাইট।