কন্ডিশনও উইন্ডিজের চ্যালেঞ্জ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না।’ বাংলাদেশের যেকোনো ম্যাচ, সিরিজ বা টুর্নামেন্টের আগে সবচেয়ে বেশি উচ্চারিত কথা সম্ভবত এটাই। এক জিম্বাবুয়ে ছাড়া টেস্ট খেলুড়ে সব দেশের অধিনায়ক, ক্রিকেটার, কোচ মুখস্থ বুলির মতো আওড়ান একই কথা। ২০১০ সালে বীরেন্দর শেবাগের ‘অর্ডিনারি’ মন্তব্যটাই কেবল ব্যতিক্রম। ড্যারেন স্যামি বিশ্ব ক্রিকেটেরই সবচেয়ে অমায়িক মানুষদের একজন, তাঁর শেবাগ হওয়ার কোনো কারণ নেই। হতে চানওনি। কাল যথারীতি সেই বুলি আওড়ালেন। জানালেন, বাংলাদেশকে কতটা সমীহ করছেন। কিন্তু পাল্টা প্রশ্নটা বিপাকে ফেলে দিল ক্যারিবীয় অধিনায়ককে, ‘বাংলাদেশকে সমীহ করার কারণটা কী?’সদা হাস্যময় স্যামির মুখ থেকে খানিকক্ষণের জন্য হাসি হারিয়ে গেল। যেন ভাবনার জগতে আঁতিপাঁতি করে খুঁজে একটা কারণ বের করতে পারলেন, ‘কন্ডিশন! ওরা তো ঘরের মাটিতে খেলছে। আমাদের চেয়ে কন্ডিশন ওরা ভালো চেনে, জানে। টেস্ট সিরিজটা আমাদের জন্য পরীক্ষাই হবে।’কিন্তু এই কন্ডিশন তো স্যামিদেরও একেবারে অচেনা নয়। ক্যারিবিয়ানের কন্ডিশন-উইকেটে এখন অনেকটাই এই উপমহাদেশের প্রতিচ্ছবি। আর বাংলাদেশে গত দেড় বছরে তো এই নিয়ে তিনবার এলেন স্যামিরা! স্যামি মেনে নিলেন এটাও, ‘পরিবেশ এখানে ক্যারিবিয়ানের মতোই। আমাদের প্রায় সবাই প্রখর রোদে মন্থর উইকেটে খেলে অভ্যস্ত। টার্নিং উইকেট পেলে আমাদের বিশ্বমানের সব স্পিনার আছে। সিমিং উইকেট পেলে তা কাজে লাগানোর মতো শক্তিও আমাদের আছে। ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ। গত সফরে গেইল ছিল না, এবার আছে। চন্দরপল এখনো টেস্টে বিশ্বসেরাদের একজন, স্যামুয়েলস দুর্দান্ত ফর্মে আছে। কার্ক এডওয়ার্ডস-ব্রাভোর মতো তরুণেরা আছে, বাংলাদেশে গতবার ওরা দারুণ করেছে। নিজেদের সামর্থ্যে আমাদের বিশ্বাস আছে।’এই উত্তরে তো স্যামি আগের কথাকেই গিলতে বাধ্য হলেন। কন্ডিশনের কারণে বাংলাদেশকে সমীহ করার কথা বলছেন। কিন্তু সেই কন্ডিশনেই তাঁরা অভ্যস্ত। সমীহের জায়গাটা তবে থাকল কোথায়! গেইল-নারাইনদের নিয়ে দলও যেখানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। স্যামির আরেকটা কথায় সেটা ফুটেও উঠল, ‘গত সফরের চেয়ে এবার অবশ্যই আমরা আরও ভালো দল। এর মাঝে অনেক উন্নতি করেছি। এখন আরেকটু বেশি ধারাবাহিক। সর্বশেষ টেস্ট সিরিজে (জুলাই-আগস্টে) নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা দুই টেস্টই জিতেছি। আমরা এখানে এসেছি একটি মিশন নিয়ে, সিরিজ জিততে চাই তিন সংস্করণেই।’টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই দলের কাছাকাছি অবস্থানের (ওয়েস্ট ইন্ডিজ ৭, বাংলাদেশ ৯) প্রসঙ্গ আসতেও যেন একটু আঁতে ঘা লাগল, ‘র‌্যাঙ্কিং ১ হোক আর ১০, জিততে হলে নির্দিষ্ট দিনে মাঠে ভালো খেলেই জিততে হয়। পরিকল্পনা যদি ঠিকভাবে বাস্তবায়ন না করা যায়, প্রতিপক্ষ যদি তা আরও ভালোভাবে করে, তখন হারতে হয়। পরিকল্পনার সঠিক বাস্তবায়নই সবকিছু। আগামী কিছুদিন যেটা আমরা করতে চাই।’কোচ ওটিস গিবসন তো দীর্ঘ মেয়াদের লক্ষ্য পূরণের সিঁড়ি বানাতে চান এই সিরিজকে, ‘আমাদের একটা লক্ষ্য আছে, যা ধাপে ধাপে পূরণ করতে চাই। এ জন্যই এখানে জিততে চাই সব ম্যাচ, নিজেদের চ্যালেঞ্জটা আমরা ছুড়ে দিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যেমন একটা লক্ষ্য নিয়ে গিয়েছিলাম আমরা এবং অর্জন করেছি। এখন আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি।’ দীর্ঘমেয়াদি যে লক্ষ্যের কথা বলছেন, সেটি কদিন আগেই খুলে বলেছেন গিবসন—টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে ওঠা।বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার কথাটাকে তাই ক্রিকেটীয় ভব্যতা বলেই ধরে নেওয়া যায়। সেই ভব্যতা বা সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করলেন না স্যামি, ‘ওরা এমন একটা দল, যাদের আমরা কখনোই হালকাভাবে নিইনি। ঘরের মাঠে ওরা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। গতবার যখন এলাম, টেস্ট ম্যাচগুলোয় তো দারুণ লড়াই হয়েছিল।’হালকাভাবে না নেওয়ার প্রশ্নটি যখন বারবার আসে, প্রতিপক্ষের অবস্থানটা আসলে তখনই বোঝা যায়। প্রতি সিরিজের আগেই যখন বারবার বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার প্রসঙ্গ ওঠে, ক্রিকেট-বিশ্বে বাংলাদেশের অবস্থানটাও পরিষ্কার হয়ে যায়। এই প্রশ্নের চক্কর থেকে মুক্তি মিলতে পারে ধারাবাহিক দাপুটে পারফরম্যান্সেই। কবে যে সেই জায়গায় যেতে পারবে বাংলাদেশ!