কন্ডিশনিং ক্যাম্পেও যেন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লিপ টেস্টের চেয়ে আরেকটু আধুনিক ইয়ো ইয়ো টেস্ট। ফিটনেস পরীক্ষায় এটা নাকি আরও নিখুঁত ফলাফল দেয়। কাল কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে ট্রেনার গ্রান্ট লুডেন এই টেস্ট দিয়েই জেনে নিলেন ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা। ইয়ো ইয়ো টেস্টে সবচেয়ে ফিট খেলোয়াড়টির নাম রকিবুল হাসান। টেস্টে তিনি পেয়েছেন ১২, আর সবাই ৯ থেকে ১১-এর মধ্যে।প্রথম দিনে যাঁর যে রকম ফিটনেসই থাকুক না কেন, কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যই হলো এক মাস পর প্রত্যেকের ফিটনেস এই জায়গা থেকে অনেকটা বাড়িয়ে নেওয়া। লুডেন আশাবাদী কাজটা সম্ভব, ‘আজ (গতকাল) অনেকের ফিটনেসই তেমন ভালো দেখলাম না। আবার অনেকের ফিটনেস এতটাই ভালো যে আমি বিস্মিত হয়েছি। আমার বিশ্বাস, এই ক্যাম্প শেষে সবার ফিটনেসই বাড়বে।’ ক্যাম্পের মাঝামাঝি সময়ে আরেকটি ফিটনেস টেস্ট দিতে হবে খেলোয়াড়দের। ক্যাম্প শেষে হবে আরও একটি টেস্ট।জাতীয় দলে ১০ বছর খেলার অভিজ্ঞতায় এই প্রথম লম্বা সময় নিয়ে কন্ডিশনিং ক্যাম্প করছেন মোহাম্মদ আশরাফুল। ফিটনেসের জন্য এ রকম একটা ক্যাম্প জরুরি ছিল বলেই মনে হচ্ছে তাঁর কাছে, ‘ফিটনেসটাই যেহেতু সবার আগে, এই ক্যাম্পটা দরকার ছিল। আর এমন না যে এখানে আমাদের খুব কষ্ট হবে। প্রতিদিন ২ ঘণ্টা করে কাজ করব। সপ্তাহে দু-এক দিন করে বিরতিও আছে। কাজেই ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা নেই।’ ৩২ জন ক্রিকেটারের মধ্যে ক্যাম্পের প্রথম দিনে উপস্থিত ছিলেন ২৮ জন। সাকিব আল হাসান কাউন্টি খেলতে ইংল্যান্ড চলে গেছেন পরশু। বাবা অসুস্থ বলে আসতে পারেননি জুনায়েদ সিদ্দিক। ব্যক্তিগত ব্যস্ততায় অনুপস্থিত তামিম ইকবালও। আর পায়ের সমস্যার কারণে আসেননি শফিউল ইসলাম। তবে ভিসা হয়নি বলে ইংল্যান্ড যেতে না পারায় ক্যাম্পে যোগ দিয়েছেন সৈয়দ রাসেল। সকালে মোটামুটি উৎসবমুখর পরিবেশেই ক্যাম্প শুরু হয়েছে। উৎসবের কেন্দ্রবিন্দুতে অবশ্য ছিল নতুন নির্বাচক কমিটি। ১ জুন থেকে দায়িত্ব শুরু হয়ে গেলেও কাল ক্রিকেটারদের নিয়ে কেক কেটে সেটি উদ্যাপন করলেন আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। ক্রিকেটারদের পক্ষ থেকে আশরাফুল কেক খাওয়ালেন তিন নির্বাচককে। প্রধান নির্বাচক আকরাম খানের বক্তব্যে থাকল ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতি, ‘খেলোয়াড়দের সঙ্গে আমরা দলীয় শৃঙ্খলা, কীভাবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে, আমাদের লক্ষ্য কী—এসব নিয়ে ১৫-২০ মিনিটের মতো আলাপ করেছি। নির্বাচক-খেলোয়াড় সবাই মিলে আমরা একটা পরিবারের মতো।’ নতুন নির্বাচক কমিটির মূল নীতিটাও মনে করিয়ে দিলেন আরেকবার, ‘আমরা পরিবর্তনে বিশ্বাসী নই। যারা দলে আসবে তাদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে।’ মিনহাজুল আবেদীনের আশ্বাস, ‘আমাদের কাছে পারফরম্যান্স সবার আগে। পারফরম্যান্সের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। পারফরম্যান্সকে অগ্রাধিকার দিলে সেরা দল অবশ্যই হবে।’আরেক নির্বাচক হাবিবুল বাশারের কথায় আশ্বস্ত হতে পারেন জাতীয় দলের আশপাশে থাকা অভিজ্ঞরা, ‘দল হিসেবে আমরা অভিজ্ঞতায় একটু পিছিয়ে। এ দলটার অভিজ্ঞ হতে সময় লাগবে। যারা আগে খেলেছে তারা ফর্মে থাকলে অবশ্যই বিবেচনা করা হবে। বয়স এখানে বিবেচ্য হবে না।’ টেস্ট ক্রিকেটে লম্বা বিরতি পড়লেও আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদী শোনাল তাঁর কথা, ‘প্রস্তুতির জন্য দুই মাস সময় পাচ্ছি। তা ছাড়া জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলব। বোর্ড চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকায়ও একটা চারদিনের ম্যাচ বা কন্ডিশনিং ক্যাম্প জাতীয় কিছু করতে। খেলোয়াড়েরা এই দুই মাস ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে মনে হয় না সমস্যা হবে।’দায়িত্ব শুরু হয়ে গেলেও বিসিবি এখনো আনুষ্ঠানিক চুক্তি করেনি নির্বাচকদের সঙ্গে। প্রধান নির্বাহী কানাডা থেকে ফিরলেই নাকি সেটা হবে। অবশ্য কথাবার্তা চূড়ান্ত হয়ে যাওয়ায় চুক্তি একটা আনুষ্ঠানিকতা মাত্র। প্রধান নির্বাচক আকরাম খানের কথায় হয়তো সে কারণেই শুরুর চেয়ে শেষের গুরুত্বটা বেশি। যত দিনই দায়িত্বে থাকবেন, বাকি দুই নির্বাচককে নিয়ে ভালোভাবে কাজ শেষ করে যেতে চান, ‘শুরুতে যেমন আমরা কেক কাটছি, যাওয়ার সময়ও যেন এটা করতে পারি।’