কন্তের পদত্যাগ জুভেন্টাসে আলেগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তৃতীয় লিগ শিরোপা জয়। সেটাও ইতালিয়ান সিরি ‘আ’র ইতিহাসে প্রথমবারের মতো ১০০ পয়েন্টের মাইলফলক পেরিয়ে। গত মে মাসে অনন্য এই কৃতিত্বের পরই জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন আন্তোনিও কন্তে। সেই কন্তে জুভেন্টাসের কোচের পদ থেকে পদত্যাগ করলেন নতুন মৌসুম শুরুর আগেই। পরশু জুভেন্টাসের অফিশিয়াল ওয়েবসাইটে কন্তে নিজেই এক ভিডিও পোস্ট করে পদত্যাগের ঘোষণা দিলেন, ‘আমি জুভেন্টাসের সঙ্গে আমার চুক্তিটা চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
তিন বছরে দলকে তিনটি লিগ ও দুটি সুপারকোপা ইতালিয়ানা জেতানো কন্তের এই হঠাৎ পদত্যাগের পেছনে দুই রকম কথাই শোনা যাচ্ছে। প্রথমত, দলের শক্তিবৃদ্ধিতে নতুন খেলোয়াড় কেনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যে হয়েছে। বিশেষ করে বার্সেলোনা থেকে চিলি উইঙ্গার আলেক্সিস সানচেজকে নাকি দলে নিতে চেয়েছিলেন কন্তে। কিন্তু জুভেন্টাস নয়, চিলিয়ান উইঙ্গারকে বার্সেলোনা থেকে নিয়ে নিয়েছে আর্সেনাল।
অন্য কারণ, ইতালি জাতীয় দলের কোচ হওয়ারও নাকি সম্ভাবনা আছে কন্তের। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ইতালি। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দেশে ফিরেই আজ্জুরিদের কোচের পদ থেকে সরে দাঁড়ান সিজারে প্রানদেল্লি। পরে তিনি দায়িত্ব নিয়েছেন তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের। এ অবস্থায় ইতালির জাতীয় দলে প্রানদেল্লির উত্তরসূরি হতেই নাকি ৪৪ বছর বয়সী কন্তের এই পদত্যাগ। এটা বিশ্বাস করা লোকদের পাল্লাই ভারী।
কারণ যা-ই হোক, জুভেন্টাস ২৪ ঘণ্টার মধ্যেই খুঁজে নিয়েছে কন্তের উত্তরসূরি। নতুন কোচ হিসেবে গতকালই নিয়োগ দেওয়া হয়েছে এসি মিলানের সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে, গত জানুয়ারিতে মিলান বরখাস্ত করার পর থেকেই যিনি বেকার ছিলেন। ৪৭ বছর বয়সী আলেগ্রির সঙ্গে জুভেন্টাসের চুক্তি দুই বছরের। এএফপি।