কন্তের সেরা পিরলো
বরাবরের মতো এবারও ফিফা-ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। জোরেশোরে উচ্চারিত হচ্ছে ‘ইউরোপ-সেরা’ হওয়া ফ্রাঙ্ক রিবেরির নামটিও। তবে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে মনে করেন, ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে যোগ্য হলেন আন্দ্রেয়া পিরলো। ওয়েবসাইট।
শুধু এবারই নয়, পারলে জুভেন্টাস কোচ ব্যালন ডি’অরটা নিজ দলের মিডফিল্ডার পিরলোর হাতে তুলে দিতেন প্রতিবছরই! ব্যালন ডি’অরের জন্য কাকে বাছবেন মেসি নাকি রোনালদো—এমন প্রশ্নে কন্তে ইতালিয়ান টেলিভিশন সিরিজ ভেরিসিমোতে বলেছেন, ‘মেসি এবং রোনালদোর মধ্যে কাউকে বেছে নেওয়াটা কঠিন। তবে আমি সব সময়ই ব্যালন ডি’অরটা পিরলোকেই দেব। সে আমাদের খেলোয়াড়। ঈশ্বর তাকে রক্ষা করুন।’
মেসি-রোনালদো-রিবেরিদের সঙ্গে ব্যালন ডি’অরের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় ইতালি এবং জুভেন্টাসের প্লে-মেকার পিরলোও আছেন। ফিফা ভোট দেওয়ার মেয়াদও বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করেছে। দেখা যাক, এভাবে প্রচারণা চালিয়ে কন্তে তাঁর শিষ্যকে কতটা এগিয়ে দিতে পারেন!