কন্তের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষের আগেই বদলি করে নেওয়া হলো আপনাকে। ম্যাচের তখনো অনেকটা বাকি। কিন্তু মাঠ ছেড়ে ডাগআউটে না বসে আপনি সটান চলে গেলেন ড্রেসিংরুমে। কোনো কোচেরই এটা ভালো লাগার কথা নয়। আর এই কাণ্ডটাই করেছেন আন্দ্রেয়া পিরলো।
পিরলো এই কাণ্ড করেছেন গত রোববারের হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে। ৬৫ মিনিটে বদলি হওয়ার পরে চলে যান মাঠ ছেড়ে। পরে জুভেন্টাস কোচ আন্তোনিও কন্তে জানিয়েছেন, ‘পিরলো যেটা করেছে, সেটার কোনো ব্যাখ্যা হতে পারে না। কিন্তু এখন আমরা একটা নিয়ম ঠিক করে দিয়েছি, যখন একজন খেলোয়াড় মাঠ ছাড়বে, তখন খেলা শেষ না হওয়া পর্যন্ত সতীর্থদের সঙ্গে বসে সেটা দেখতে হবে। যদি না সেটি চোট-সংক্রান্ত কোনো ব্যাপার হয়।’ তিনি পিরলো বলেই হয়তো শাস্তি পেতে হয়নি। তবে ভবিষ্যতের জন্য তাঁকে ও জুভেন্টাসের অন্য খেলোয়াড়দের কড়া সতর্কবাণীই শুনিয়েছেন কন্তে, ‘যারা এই নিয়মকে শ্রদ্ধা জানাবে না, তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। সঙ্গে এক মাস বসে থাকতে হবে বাইরে।’ এএফপি।