কন্যাভাগ্যে ভাগ্য ফিরবে গম্ভীরের?

দুঃসময়ের ঘূর্ণাবর্তে যেন ঘুরপাক খাচ্ছেন গৌতম গম্ভীর। সাম্প্রতিক সময়ের ফর্ম দেখে প্রশ্ন হতে পারে—ব্যাটিং কি ভুলে গেলেন ভারতীয় ক্রিকেটের অনন্য প্রতিভাবান ব্যাটসম্যানটি? এবার আইপিএলে ডাকে হ্যাটট্রিক করলেন! ব্যাপারটি রীতিমতো এমন কৌতুকের পর্যায়ে চলে গেল, গম্ভীর পর্যন্ত এ নিয়ে হাস্য রসিকতা করলেন। হাঁস খেয়ে মাঠে নামাতেই নাকি একের পর এক ‘ডাক’ পাচ্ছেন!
চতুর্থ ম্যাচে ১ রান করার পর পঞ্চম ম্যাচে গিয়ে করলেন ৪৫। কিন্তু তাতেও স্বস্তি নেই। সর্বশেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৪৪ বলে ৪৫ করার পর সুপার ওভারে কলকাতার পরাজয়ের পেছনে গম্ভীরের তুলনামূলক মন্থর গতিতে রান তোলাকেও দায়ী করেছেন কেউ কেউ। ব্যাট হাতে স্বস্তিতে নেই। দলও পাঁচ ম্যাচের তিনটাতেই হেরেছে।
ভাগ্যের সঙ্গে যুঝতে থাকা গম্ভীর একটি সুখবর পেলেন বৃহস্পতিবার। কন্যাসন্তানের জনক হয়েছেন কলকাতা অধিনায়ক। এবার কন্যাভাগ্য নিয়ে দুঃসময়ের কৃষ্ণগহ্বর থেকে বেরোতে পারবেন গম্ভীর? বাবা হওয়ার পর আজই প্রথম মাঠে নামছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ধোনির শহর রাঁচিতে খেলবে কলকাতা। দেখা যাক, ভাগ্য ফেরে কিনা গম্ভীর আর কলকাতার।
অথচ এই গম্ভীরের কী দুর্দান্ত ফর্মই না গেছে ২০০৮, ২০০৯ এমনকি ২০১২ সালেও। ২০০৮ সালে ক্রিকেটের তিন সংস্করণেই রান করেছেন ২২৬২, সেঞ্চুরি ছয়টি। ২০০৯ সালে করেছেন ১৮২৮, সেঞ্চুরি ছয়টি। ২০১২ সালে করেছেন ১৪৭০, সেঞ্চুরি এসেছে দুটি। এরপরই পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী।
জাতীয় দল থেকে বাদ পড়লেন। কলকাতা অধিনায়ক হিসেবে এবার আইপিএলেও ফর্ম যাচ্ছেতাই। পরপর তিন ম্যাচে তিন ‘শূন্য’ মেরে ভারতের টি-টোয়েন্টি লিগে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড করেছেন। ৯১ ম্যাচে ১০ বার ফিরেছেন শূন্য রানে।
বাজে সময়কে মাটি চাপা দিয়ে সামনে এগোতে চান গম্ভীর। আইপিএলে চার ম্যাচ পর রানে ফিরলেন। এর একদিন পর কন্যাসন্তানের জন্ম—সব মিলিয়ে সুসময়ের ইঙ্গিত পাচ্ছেন গম্ভীর? গম্ভীরের এ সুখবরে কেকেআর টুইট করেছে, ‘ফুটফুটে কন্যার মা-বাবা হওয়ায় অভিনন্দন অধিনায়ক গৌতম গম্ভীর ও নাতাশা গম্ভীরকে। পরিবারে স্বাগতম।’