কপাল পুড়ল বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের ম্যাচটা দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যে হলেও বাংলাদেশও উদগ্রীব হয়ে তাকিয়ে ছিল ফলাফলের দিকে। কারণ, আজকের ম্যাচে জিম্বাবুয়ে জিততে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু শেষপর্যন্ত ঘটনা এমনটা ঘটেনি। জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট ৮ হলেও রানরেটের হিসেবে তিন নম্বরে বাংলাদেশ। তাই আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ে।জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিচার্ড লেভির ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা। ৩০ বলে ৫৪ রান করেছেন লেভি। শেষপর্যায়ে জাস্টিনের ২৬ রানের সুবাদে ১৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। কিন্তু প্রথম পাঁচ ওভারের মধ্যেই মাত্র ৩৬ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছেন ভুসি সিবান্দা ও টেলর। তৃতীয় উইকেটে ১৮ রান যোগ করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা ও মাতসিকেনেরি। কিন্তু নবম ওভারে জিম্বাবুয়ে শিবিরে জোরালো আঘাত হানেন ওয়েইন প্রান্দেল। এক ওভারেই তুলে নেন ৩৬ রান করা মাসাকাদজা ও ম্যালকম ওয়ালারের উইকেট। দুই ওভার পরে চিগুম্বুরাকেও সাজঘরে ফেরান এই বাঁ-হাতি পেসার। শেষপর্যায়ে গ্রায়েম ক্রেমারের ৩৬ রানের লড়াকু ইনিংসটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।