কপিল আর ব্রাত্য নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। উইজডেনের দৃষ্টিতে বিংশ শতাব্দীতে সেরা ভারতীয় ক্রিকেটার। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কপিল দেবের সম্পর্ক অনেক দিন ধরেই শীতল। ২০০৭ সালের জুনে আইসিএলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর কপিলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে বিসিসিআই। তবে সম্পর্কের উন্নতির আভাস পাওয়া যাচ্ছে। বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কপিলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কপিলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। কপিলও আমন্ত্রণ গ্রহণ করেছেন সাদরে। গত চার বছরে এই প্রথম বিসিসিআইয়ের কোনো কার্যক্রমে থাকছেন সাবেক অলরাউন্ডার কপিল। অবশ্য তাঁর দাবি, বিসিসিআইয়ের সঙ্গে লড়াই কখনোই ছিল না, ‘আমি কারও সঙ্গে যুদ্ধ করছি না, বোর্ডের সঙ্গেও কোনো লড়াই নেই। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে এটা লড়াই।’শুধু কপিল নয়, ৩১ মে মুম্বাইয়ের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক সব অধিনায়ককেই। বার্ষিক পুরস্কার বিতরণীর পাশাপাশি এই অনুষ্ঠান ভারতের বিশ্বকাপ জয়ের আনুষ্ঠানিক উদ্যাপনও। বিশ্বকাপ জয়ের জন্য বোর্ডের প্রতিশ্রুত ২ কোটি রুপি দেওয়া হবে ক্রিকেটারদের। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ১৯৬১-৬২ মৌসুমে ইংল্যান্ডে ভারতকে প্রথম টেস্ট সিরিজ জেতানোর নায়ক সাবেক অলরাউন্ডার সেলিম দুররানি। ওয়েবসাইট।