কপিল-গাভাস্কারের প্রশংসা-বিনিময়
দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ভারতের সফল অধিনায়কদের তালিকায় ওপরের দিকেই কপিল দেবের নাম। সেই কপিল পিঠ চাপড়ে দিলেন তাঁর সাবেক সতীর্থ সুনীল গাভাস্কারের। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বললেন, তাঁর সময়ের ব্যাটসম্যানদের মধ্যে গাভাস্কারই সেরা। এটাও বলেছেন, তিনি যাঁদের নেতৃত্বে খেলেছেন তাঁদের মধ্যে গাভাস্কারই সেরা অধিনায়ক।সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসাতে দারুণ একটা উপলক্ষও পেয়ে গিয়েছিলেন কপিল। অবশেষে গত বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিসির ক্রিকেট হল অব ফেমে বরণ করে নেওয়া হলো টেস্টে প্রথম ১০ হাজার রান করা ব্যাটসম্যান গাভাস্কারকে। দুবাইতে গাভাস্কারের হাতে কপিলই তুলে দিয়েছেন তাঁর স্মারক ক্যাপটি।গাভাস্কার ছাড়া আইসিসির ক্রিকেট হল অব ফেমে ঢোকা অন্য দুই ভারতীয়ের একজন এই কপিল, অন্যজন বিষেন সিং বেদি।আন্তর্জাতিক ক্রিকেটার অ্যাসোসিয়েশনের (ফিকা) সঙ্গে আইসিসির ক্রিকেট হল অব ফেম প্রবর্তন ২০০৯ সালে, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্তা সংস্থাটির শতবর্ষ উপলক্ষে। প্রাথমিকভাবে ৫৫ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হন হল অফ ফেমে। এর মধ্যে ছিলেন ১০১২২ টেস্ট রানের মালিক ৬২ বছর বয়সী গাভাস্কারও। কিন্তু আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হলেন তিনি গত বুধবার। তাঁকে নিয়ে পুরুষ-মহিলা মিলিয়ে আইসিসি ক্রিকেট হল অব ফেমের সদস্যসংখ্যা ৭২।গাভাস্কারের হাতে স্মারক ক্যাপ তুলে দেওয়ার সময় আইসিসির বিদায়ী প্রধান নির্বাহী হারুন লরগাত ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল, রমিজ রাজা ও ওয়াকার ইউনুস। যাঁর হাত থেকে সম্মানসূচক ক্যাপটি নিয়েছেন, সেই কপিল দেব সম্পর্কে গাভাস্কারের প্রতিক্রিয়া, ‘কপিল এমন একজন, যাকে আমি মনে করি ভারতের সেরা ক্রিকেটার। তার কাছ থেকে ক্যাপ নেওয়াটা সত্যিই বাড়তি পাওনা, বড় সম্মানের।’প্রশংসা-বিনিময়ে কপিলও দরাজ, ‘সুনীল গাভাস্কারের সঙ্গে একই দলে থাকতে পারাটা গর্বের ব্যাপার। আমাদের সময়ে, এমনকি এখনো আমি মনে করি, সুনীল সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম... সুনীল ছিল আমার সময়ের সেরা খেলোয়াড়। আমি যাদের অধীনে খেলেছি, সে তাদের মধ্যে সেরা অধিনায়ক।’ ওয়েবসাইট।