কপিলের দলে নেই কপিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

উইজডেনের বিচারে ভারতের শতাব্দী-সেরা ক্রিকেটার তিনি। সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন, তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে প্রথম বিশ্বকাপ। তাঁকে ছাড়া ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলের কথা ভাবাই যায় না। সর্বকালের সেরা ওয়ানডে দলেও তাঁকে রাখবেন অনেকেই। সেই কপিল দেব ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল গড়তে গিয়ে বাদ দিয়ে দিলেন নিজেকেই!
কপিলের দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটকিপারসহ সাত ব্যাটসম্যান আর দুই পেসার ও দুই স্পিনার নিয়ে গড়েছেন একাদশ। কপিল ছাড়া আছে আর সব প্রত্যাশিত নামই। চমক আছে অবশ্য দ্বাদশ ব্যক্তিতে। কপিল বেছে নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে! এই দ্বাদশ ব্যক্তির কাজ যদি হয় শুধু ফিল্ডিং, তাহলে বলা যায় ভারতের সর্বকালের সেরা ওয়ানডে ফিল্ডারের স্বীকৃতিটা জাদেজাকেই দিলেন কপিল।
গতকাল নয়ডায় একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এই দল নির্বাচন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। দলে রাখেননি ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের একজনকেও। এবারের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী মহেন্দ্র সিং ধোনির দলটিকে স্বীকৃতি দিয়েছেন ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলের।
যেকোনো দল নির্বাচন নিয়েই বিতর্ক হয়। সর্বকালের সেরা দলগুলো নিয়ে তো বিতর্ক নিরন্তর। এটা জানেন বলেই বুঝি কপিল আগেভাগেই বলে রেখেছেন, ‘আমার মতে এটাই ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দল। লোকে আমার সঙ্গে একমত না-ও হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত এটাই।’ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজারের বেশি রান ও ৬৮৭ উইকেটের মালিককে ছাড়া কীভাবে কোনো সর্বকালের সেরা ভারতীয় দল হয়! কপিলের ব্যাখ্যা শুনে বোঝা গেল এ ক্ষেত্রে যুক্তির চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিনয়, ‘দল নির্বাচন করছি আমি, নিজেই কীভাবে নিজেকে দলে রাখি!’
১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের কাউকে না রাখাটাকেও খুব বড় করে দেখছেন না ওই দলের অধিনায়ক। সবার জানা কথাটিই মনে করিয়ে দিলেন আরেকবার, ‘আমরা ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিলাম ঠিকই, কিন্তু সত্যিটা হলো, ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল ছিল। আমরা শুধু নিজেদের দিনে ভালো করায় আত্মবিশ্বাসী ছিলাম।’
কপিলের এই কথায় দ্বিমত করার লোক খুব বেশি পাওয়া যাবে না। তবে চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলকে ভারতের সব সময়ের সেরা ওয়ানডে দল বলায় প্রশ্ন উঠবেই। নিজের দাবির পক্ষে কপিলের ব্যাখ্যা, ‘শেবাগ, গম্ভীর, জহিরের মতো ক্রিকেটাররা এই দলে ছিল না। কিন্তু এই দল যেভাবে খেলেছে, তাতে ওদের অভাব বোঝাই যায়নি। ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, এখনো ওরা ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্সদের ঘাটতি পূরণ করতে পারেনি। আর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই দলের মতো এমন অসাধারণ ফিল্ডিং দল আমি দেখিনি।’
এই দলের সাফল্যের অন্যতম সেনানী শিখর ধাওয়ানেও মুগ্ধ কপিল। হালের সেনসেশনকে এগিয়ে রাখলেন এমনকি শেবাগের চেয়েও, ‘প্রথম ম্যাচ থেকেই শিখর অসাধারণ ফর্মে আছে। আমি কখনোই ভাবিনি, এমন একজন আসবে যে কিনা শেবাগের চেয়েও বল ভালো পেটাতে পারে।’ তবে ধাওয়ানের তো মাত্র শুরু, কপিলের দলে তাই আছেন শেবাগই। ওয়েবসাইট।
কপিলের সর্বকালের সেরা ভারতীয় ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগ, মোহাম্মদ আজহারউদ্দিন, যুবরাজ সিং, বিরাট কোহলি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ ও জহির খান। দ্বাদশ ব্যক্তি: রবীন্দ্র জাদেজা।