কপিলের পথে হাঁটলেন না সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বাছাই করা ভারতের সর্বকালের সেরা ওয়ানডে দলে নিজেকে রাখেননি কপিল দেব। কারণ হিসেবে কিছুটা লজ্জামাখা মুখে জানিয়েছিলেন, নিজের গড়া দলে নিজেকে কী করে রাখি!
সৌরভ গাঙ্গুলীর কিন্তু এ রকম সংকোচ নেই। ভারতের একটি টেলিভিশন চ্যানেলের হয়ে সর্বকালের সেরা ওয়ানডে ও টেস্ট দল বাছাই করতে গিয়ে সৌরভ নিজেকে রাখলেন দুটি দলেই! তবে ওয়ানডে দলের ওপেনিং জুটিতে নিজেকে শচীন টেন্ডুলকারের সঙ্গী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী মনে করলেও টেস্ট দলে তাঁর জায়গায় গুন্ডাপ্পা বিশ্বনাথ আসতে পারেন বলে মনে করেন সৌরভ। কপিল নিজেকে ভারতের সেরা ওয়ানডে দলে না রাখলেও ‘প্রিন্স অব কলকাতা’ কিন্তু তাঁর দুটি দলেই রেখেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
সৌরভ গাঙ্গুলীর টেস্ট দল নিয়ে প্রশ্ন উঠতে পারে ভারতের কিংবদন্তি স্পিনার ত্রয়ী বিষেন সিং বেদি, ভগবৎ চন্দ্রশেখর আর এরাপল্লি প্রসন্নকে রাখেননি বলে। সৌরভের টেস্ট দলের দুই স্পিনার তাঁর সময়ের অনিল কুম্বলে ও হরভজন সিং। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নিয়েছেন ভিভিএস লক্ষ্মণকে!
টেস্ট দলের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে রাহুল দ্রাবিড়কে রাখলেও সৌরভের ওয়ানডে দলে জায়গা হয়নি দ্রাবিড়ের। আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে! এই সময়ে ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজাকে কপিল তাঁর দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখলেও সৌরভ রেখেছেন মূল একাদশেই। নিজের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে জাদেজা ছাড়াও বিরাট কোহলি আছেন সৌরভের ওয়ানডে দলে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে। তবে কপিলের মতোই সৌরভও তাঁর টেস্ট ও ওয়ানডে দুটি দলেই উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। ওয়ানডে দলে টেন্ডুলকার-সৌরভ জুটির পরের জায়গাটা শেবাগকে দিলেও টেস্ট দলে তিনি শেবাগকে রেখেছেন সুনীল গাভাস্কারের সঙ্গী হিসেবেই! টেস্টে ৪২.১৭ গড়ে রান করা সৌরভ নিজেকে পাঁচ নম্বরে রাখলেও স্বীকার করেছেন ৪১.৯৩ গড়ের বিশ্বনাথকেও রাখা যেতে পারে তাঁর জায়গায়। ওয়েবসাইট।
সৌরভের সেরা একাদশ
ওয়ানডে: টেন্ডুলকার, সৌরভ, শেবাগ, কোহলি, দ্রাবিড়, যুবরাজ, ধোনি, কপিল, জাদেজা, কুম্বলে/শ্রীনাথ, জহির। দ্বাদশ খেলোয়াড়: দ্রাবিড়।
টেস্ট: গাভাস্কার, শেবাগ, দ্রাবিড়, টেন্ডুলকার, সৌরভ/বিশ্বনাথ, ধোনি, কপিল, হরভজন, কুম্বলে, শ্রীনাথ, জহির। দ্বাদশ খেলোয়াড়: ভিভিএস লক্ষ্মণ।