কপিলের সঙ্গে একমত নন সৌরভ
বর্তমান অধিনায়কের বোলিং নিয়ে সাবেক অধিনায়কের সঙ্গে একমত নন ভারতের আরেক সাবেক অধিনায়ক। টেস্টের দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করায় মহেন্দ্র সিং ধোনির ওপর বেশ চটেমটে কপিল দেব বলেছিলেন, টেস্ট ক্রিকেট নিয়ে তামাশা করেছেন ধোনি। কিন্তু সৌরভ গাঙ্গুলী মনে করেন, ধোনি কোনো ভুল করেননি।এই নিয়ে ইংল্যান্ডে ভারতের টানা পাঁচটি টেস্ট সিরিজে উপস্থিত আছেন সৌরভ। আগের চারবার খেলোয়াড় হিসেবে, এবার ধারাভাষ্যকার। একটি ওয়েবসাইটে নিজের কলামে লিখেছেন, ‘আমার আগেই মনে হচ্ছিল, সমালোচনা ভালোই হবে এবং সেটাই সত্যি প্রমাণিত হলো। ধোনি টেস্ট ক্রিকেট নিয়ে তামাশা করেছেন—সমালোচকেরা এটাও বলেছেন! তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ধোনি মোটেও কোনো ভুল করেনি। ওর হাতে এক সুরেশ রায়না ছাড়া আর কোনো বিকল্প ছিল না। রায়না পরে বোলিং করে একটা উইকেটও পেয়েছে, কিন্তু পিটারসেন ওকে তুলাধোনা করে ছেড়েছে। মূল বোলারদের বিশ্রাম দিতে গিয়ে প্রতিপক্ষকে সহজ রান তো দেওয়া যাবে না। ধোনি তাই দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছে, এতে আমি দোষের কিছু দেখি না।’ ওয়েবসাইট।