কপিলের সূত্র ‘৩+২’
৩+২= ?। জলবৎ তরলং এই অঙ্কেই নাকি লুকিয়ে আছে ভারতের বিশ্বকাপ জয়! ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব যে দিলেন এই ‘৩+২’-তত্ত্ব। কপিলের মতে, ভারতকে বিশ্বকাপ জিততে হলে তিনজন অলরাউন্ডার ও ২ জন বোলার নিয়ে খেলতে হবে। বিশ্বকাপ শুরুর আগে ভারতকে ফেবারিট বলছিলেন অনেকেই। তবে প্রথম দুই ম্যাচে বোলিং দেখার পর ভারতকে ফেবারিট বলার লোক নিঃসন্দেহে কমে গেছে। এই বোলিং নিয়ে আর যা-ই হোক চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়—এটাই সমালোচকদের বক্তব্য। কপিল অবশ্য আশা ছাড়েননি, ‘এটা ঠিক, শক্তিশালী বোলিং আক্রমণ নেই। তবে এ জন্য যে আমরা ম্যাচ জিততে পারব না, এটা তো নয়! মনোবলই যদি ভেঙে যায় তাহলে আপনি জিতবেন কী করে!’ আর দশজন সমালোচকের চেয়ে কপিলের পর্যবেক্ষণটাও আলাদা, ‘কথা বলা খুব সহজ। যারা খেলছে, ওরা ঠিক জানে ওদের দুর্বলতা কোথায়। ভারতের বোলাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী বল সেদিন করতে পারেনি।’ ওয়েবসাইট। শুধু ভারতের নয়, কপিল সহানুভূতিশীল এখনকার সব বোলারদের প্রতিই। কপিলও বলছেন এখনকার ক্রিকেটে বোলাররা যেন সৎভাই, ‘মজদুরদের কথা কেউ ভাবে না। এখন ব্যাটসম্যানরাই শাসক। ফ্লাট উইকেট যত বাড়ছে, বোলিংয়ের সৌন্দর্যও তত কমে যাচ্ছে।’