কপিলের সেরা একাদশের অধিনায়ক ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল ও মহেন্দ্র সিং ধোনি
কপিল ও মহেন্দ্র সিং ধোনি

ভারত ক্রিকেট বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্বের ঘোষণাটা দিয়েছিল কপিল দেবের হাত ধরেই। ১৯৮৩ সালে তাঁর অধিনায়কত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতেছিল ভারত। কিন্তু ভারতের সর্বকালের সেরা ওয়ানডে একাদশটা নিজেকে বাদ দিয়েই তৈরি করেছেন কপিল। জায়গা দেননি ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের কোনো সদস্যকেও। আর অধিনায়কত্বের দায়িত্বটা দিয়েছেন ভারতের দ্বিতীয় বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে।
ধোনিকে নিয়ে কপিলের মুগ্ধতাটা অবশ্য নতুন কিছু নয়। তাঁকেই ভারতের সর্বকালের সেরা অধিনায়কের সম্মানও দিয়েছেন কপিল। আর ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের মতে, এ বছর চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারতীয় দলটাই সর্বকালের সেরা। কপিল বলেছেন, ‘এই দলে শেবাগ, গম্ভীর, জহিররা ছিল না। কিন্তু খেলা দেখে এদের অনুপস্থিতিটা একেবারেই টের পাওয়া যায়নি। ওয়েস্ট ইন্ডিজ এখনো ভিভ রিচার্ডস, ডেসমন্ড হেইন্সদের অভাব অনুভব করে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এত ভালো ফিল্ডিংও আর দেখা যায়নি। চ্যাম্পিয়নস ট্রফি জিতে তারা ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছে।’
১৯৮৩ সালে বিশ্বকাপ জিতলেও সে সময় ওয়েস্ট ইন্ডিজই অনেক ভালো দল ছিল বলে স্বীকার করেছেন কপিল। বলেছেন, ‘আমরা বিশ্বকাপটা জিতেছিলাম ঠিকই, কিন্তু সে সময় ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে অনেক ভালো দল ছিল। আমরা সবগুলো ম্যাচই খেলে গেছি ভালো করার আত্মবিশ্বাস নিয়ে।’
কপিলের সর্বকালের সেরা একাদশ: মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরেন্দর শেবাগ, মোহাম্মদ আজহারউদ্দিন, যুবরাজ সিং, বিরাট কোহলি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ, জহির খান ও রবীন্দ্র জাদেজা।