কফি শপ থেকে ক্রিকেট ইতিহাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ হেল অব এ ওয়ে টু মেক লিভিং ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত আত্মজীবনীগুলোর একটি। তবে অনায়াসেই বইটির নাম হতে পারত ‘এ হেল অব এ ওয়ে টু স্টার্ট ক্যারিয়ার!’ যাঁর আত্মজীবনী এটি, ক্যারিয়ারের শুরুতেই তাঁর জীবনটা ‘নরক’ হয়ে উঠেছিল! নিউজিল্যান্ডের হয়ে ৫৬ টেস্ট ও ১২১টি ওয়ানডে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন ১৮ টেস্ট ও ৩৭ ওয়ানডেতে। কিন্তু কেন রাদারফোর্ডকে সবাই মনে রেখেছে আসলে ক্যারিয়ারের শুরুটার জন্যই।অভিষেকে ‘পেয়ার’, প্রথম ৭ ইনিংসে ১২ রান। অষ্টম ইনিংসে ৬৫ করার পর আবার টানা দুটি শূন্য। এই ছিল রাদারফোর্ডের টেস্ট ক্যারিয়ারের শুরু। আকাশসমান স্বপ্ন দেখা এক তরুণের জন্য এর চেয়ে বড় ধাক্কার আর কী হতে পারে! রাদারফোর্ডের সেই কষ্টের প্রহরগুলো হয়তো দাগ কেটেছিল ক্রিকেট-বিধাতার মনেও। বাবার অপূর্ণতা তাই পুষিয়ে দিলেন ছেলের মাধ্যমে। হামিশ রাদারফোর্ডের অভিষেক হলো ক্রিকেট-বিশ্ব কাঁপিয়ে, অভিষেক ইনিংসেই ১৭১! বাবা-ছেলের এমন বিপরীত শুরু আর দেখেনি ক্রিকেট।অথচ বছর খানেক আগেও ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন হামিশ! ২০০৮ সালে ১৯ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। ওই ম্যাচের একমাত্র ইনিংসে ‘গোল্ডেন ডাক’! দলে থিতু হতে না পেরে প্রায় হারিয়েই যেতে বসেছিলেন। ওটাগো দলে জায়গা হারিয়ে চাকরি নিলেন একটি কফি শপে। সঙ্গে বাড়তি আয়ের জন্য কাজ করতেন একটি পানশালাতেও। ক্রিকেট তখন ছিল স্রেফ অবসর-বিনোদন। অ্যারন রেডমন্ডের চোট আচমকাই আবার একটা সুযোগ এনে দিল ওটাগো দলে। আর হামিশ যাকে বলে লুফে নিলেন। গত মার্চে ক্রিকেটের মূল স্রোতে ফেরাটা উদ্যাপন করলেন রানবন্যায়। এই মৌসুমেও সেই ধারাবাহিকতা জায়গা করে দিল জাতীয় দলে। ইংল্যান্ডের চলতি সফরেই টি-টোয়েন্টি ও ওয়ানডে অভিষেক। নজরকাড়া কিছু করতে পারেননি। তবে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ৯০ রান, আর মার্টিন গাপটিলের চোটে জায়গা মিলল টেস্ট দলেও। আর টেস্ট ক্যাপ মাথায় তুলেই কাঁপালেন ক্রিকেট-দুনিয়া। কফি শপ থেকে ক্রিকেট ইতিহাসে। এক বছরের মধ্যে জীবনের এই নাটকীয় বদলে চমকে গেছেন হামিশ নিজেও, ‘জীবনে অন্ধকার কিছু সময় এসেছিল আমার। কফি শপ ও বারে কাজ করা শুরু করেছিলাম। পেশা নয়, ক্রিকেটকে নিতে শুরু করেছিলাম স্রেফ মজা ও উপভোগের জন্য। রেড (রেডমন্ড) বাদ পড়ার পর অদ্ভুতভাবে সুযোগটা এসে গেল, নতুনভাবে শুরু করলাম!’বাবার সঙ্গে এ মুহূর্তে একটি মিলই পাওয়া যাচ্ছে। কেন রাদারফোর্ডেরও প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে সেটি ছিল তাঁর ১৪তম টেস্ট, ক্যারিয়ারের বয়স তখন তিন বছর। আর ক্যারিয়ারের তিন দিনের মাথায় সেঞ্চুরি পেলেন হামিশ! বাবা অবশ্য আগে থেকেই ঢাল তৈরি করে রেখেছিলেন, ‘অভিষেকের সময় আমার বয়স ছিল ১৯, হামিশ ২৩। শুরুতে আমার চেয়ে ও অনেক পরিণত। আমাকে ত্রিনিদাদে খেলতে হয়েছিল মার্শাল-গার্নার-হোল্ডিংদের। আর ও খেলছে নিজের মাঠে, পরিচিত আঙিনায়।’বাবার দাবি সত্যি, তবে সত্যি হামিশের বাবাকে ছাড়িয়ে যাওয়া, ইতিহাস গড়াও। বিখ্যাত বাবার সন্তান হলে এমনিতেই তুলনা চলে প্রতিনিয়ত। বাবার কারণেই হামিশের শুরুটা নিয়ে কৌতূহল ছিল অনেকের। হামিশ অবশ্য কাল সরাসরিই জানিয়ে দিয়েছেন, বাবার সঙ্গে তুলনা বা বাবাকে নিয়ে প্রশ্ন, কোনোটাই ঠিক পছন্দ নয় তাঁর। নিজের নামেই পরিচিত হতে চান, ক্রিকেট ইতিহাসে চান নিজের আলাদা জায়গা। প্রথম ইনিংসে অন্তত সেই দৃঢ়প্রতিজ্ঞারই ইঙ্গিত মিলল!