কবি বলেছেন আজও জিতবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেই গেছে। খেলা যদি মেনে চলত যুক্তিবিদ্যার নিয়ম, তাহলে এ কথা বলাই যেত। বাংলাদেশ হারিয়েছে আয়ারল্যান্ডকে, আয়ারল্যান্ড হারিয়েছে ইংল্যান্ডকে, কাজেই আমরা ইংল্যান্ডকে হারাব। ইংল্যান্ড হারিয়েছে নেদারল্যান্ডকে, কাজেই আমরা নেদারল্যান্ডকে হারাব হেসেখেলে! আর বাংলাদেশ এখন এক দিনের ম্যাচে র্যাঙ্কিংয়ে ৮ নম্বর দল, ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বর, ওদের বিপক্ষে বিজয়টা আমাদের ন্যায্য পাওনা। তবে খেলা সব সময় যুক্তিবিদ্যা মেনে চলে না, কাজেই আমাদের টাইগারদের প্রতিটা ম্যাচ, প্রতিটা বল ভালোভাবে খেলে জয়লাভ করেই কোয়ার্টার ফাইনালে যেতে হবে। আয়ারল্যান্ড-ইংল্যান্ডের খেলাটাই হতে পারে আমাদের প্রেরণার বড় উৎস। কেভিন ও’ব্রায়েন গত পরশু যে ব্যাটিং-তাণ্ডব দেখিয়েছেন, তা তিনি ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে পারেননি কেন? পারেননি, কারণ ২৫ ফেব্রুয়ারি তাঁদের প্রতিপক্ষের নাম ছিল বাংলাদেশ, কারণ বোলারের নাম ছিল শফিউল ইসলাম, কারণ প্রতিপক্ষের অধিনায়কের নাম ছিল হার না-মানা সাকিব আল হাসান, কারণ স্টেডিয়ামের নাম ছিল শেরেবাংলা, শেরেবাংলা মানে বাংলার বাঘ, যেখানে ১১ জন টাইগার খেলে, ২৫ হাজার বাঘ গর্জন করে ওঠে, সেই গর্জনের সঙ্গে কণ্ঠ মেলায় ১৬ কোটি বঙ্গশার্দুল। গেইল আর রোচ অন্য দলের সঙ্গে যা-ই করে আসুন না কেন, এখানে প্রতিপক্ষের নাম নেদারল্যান্ড নয়, খেলাটাও কোনো নিরপেক্ষ ভূমিতে দর্শকশূন্য গ্যালারির সামনে হচ্ছে না। আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল, জয় আমাদেরই প্রাপ্য বটে। কবি নির্মলেন্দু গুণ ২৪ ফেব্রুয়ারি বলেছিলেন, বাংলাদেশ জিতবে; গতকালও তিনি ফোন করে জানিয়ে রেখেছেন, আজও বাংলাদেশ জিতবে। কবিদের বলা হয় সত্যদ্রষ্টা, ভবিষ্যদ্দর্শী। দেখা যাক, পল দ্য পোয়েটের ভবিষ্যদ্বাণী সঠিক হয় কি না। এবং আমাদের খেলোয়াড়েরা জেতার জন্যই নামবেন। তাঁদের মস্তিষ্ক থাকবে ঠান্ডা, মাথা থাকবে উঁচু। বাধা আসবে, আসতে পারে চরম সংকটময় মুহূর্ত। যদি এক ওভারে ১৮ রান নিতে হয়, আত্মবিশ্বাস আছে আমাদের, আমরা পারব; যদি এক ওভারে ৩ উইকেট ফেলতে হয়, যেন অন্তরে প্রত্যয় থাকে, পারতেই হবে। খেলা যেন আমরা এক মুহূর্তের জন্যও ছেড়ে না দিই। জ্বলেপুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়—আয়ারল্যান্ডের বিপক্ষে এই লড়াকু মনোভাবই জিতিয়েছে আমাদের। আগামী ম্যাচগুলোতেও জেতাবে।খেলাটা কীভাবে খেলতে হবে, টসে জিতলে বল না ব্যাট, এসব বিষয়ে একদমই আমাদের কথা বলা উচিত নয়। এটা আমাদের চেয়ে দলের পরিকল্পনাকারীরা অনেক ভালো বোঝেন। আমরা শুধু আমাদের দলকে জানিয়ে দেব আমাদের অকুণ্ঠ ভালোবাসার কথা; খেলাটা উপভোগ করো, জেতার জন্য খেলো, মাথা ঠান্ডা রাখো, শ্রমের স্বেদবিন্দু ঝরাও নিঃশেষে, আন্তরিকতার সবটুকু ঢেলে দাও। আমরা তোমাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। কিন্তু আমরা যারা দর্শক, আমাদের কিছু করণীয় আছে। খেলার ফল আমাদের হাতে নয়; তবে অবশ্যই আমরা আমাদের গর্জন নিয়ে দ্বাদশ খেলোয়াড় হয়ে থাকব গ্যালারিতে, সারা দেশে। তবু খেলার ফলটা যেন আমরা চ্যাম্পিয়নের মতো করে বরণ করতে পারি। যদি জিতি—নিশ্চয়ই আমরা জিতব—তাহলে আমাদের আনন্দ-উল্লাস যেন কারও ক্ষতির কারণ না হয়; একজনের আনন্দের প্রকাশ যেন আরেকজনের বেদনার কারণ না হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কার সঙ্গে বগুড়ায় একদিনের ম্যাচে জেতার পর খেলোয়াড়েরা ল্যাপ অব অনার দিতে গেলে তখনকার কোচ ডেভ হোয়াটমোর নিরুৎসাহিত করেছিলেন; বলেছিলেন, একটা জয়েই এত খুশি দেখাবে কেন, আরও তো জয় আসবে, জয়টা স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করো। বাংলাদেশ জিতলে আমরা অবশ্যই খুবই আনন্দ করব, কিন্তু আত্মহারা যেন না হই, উচ্ছৃঙ্খলা যেন আমাদের পেয়ে না বসে। আমাদের আরও অনেক দূর যেতে হবে। কেবল আমাদের খেলোয়াড়েরা পরিপক্বতা দেখাবেন তা-ই নয়, দর্শক হিসেবে, ক্রিকেট খেলুড়ে জাতি হিসেবে আমাদেরও পরিপক্বতার প্রমাণ দিতে হবে। সারা পৃথিবী আমাদের জনতার প্রশংসা করছে; শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে এই গৌরব আমাদের ধরে রাখতে হবে।জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, জয় হোক বাংলাদেশের জনগণের। জয় বাংলাদেশের জয়।